ভোট মিটতেই কোপ! ৩ টাকা মহার্ঘ পেট্রল-ডিজেল, মধ্যবিত্তের পকেট পোড়াচ্ছে জ্বালানি
শুক্রবার সকাল থেকেই ৩ টাকা বাড়ল পেট্রল-ডিজেলের দাম, নাভিশ্বাস আমজনতার
Truth of Bengal: তপ্ত বৈশাখের গনগনে রোদের মধ্যেই এবার সাধারণ মানুষের পকেটে বড়সড় ছ্যাঁকা দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শুক্রবার সকাল থেকেই দেশজুড়ে এক ধাক্কায় ৩ টাকা বাড়ানো হল পেট্রল ও ডিজেলের দাম। মূলত পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার দায় এখন বইতে হচ্ছে আমজনতাকে।
কলকাতায় পেট্রল ১০৮ পার!
আজকের নতুন দাম অনুযায়ী, তিলোত্তমায় এক লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ১০৮ টাকা ৭৪ পয়সা। ডিজেলও পিছিয়ে নেই, কলকাতায় প্রতি লিটার ডিজেলের জন্য এখন গুনতে হবে ৯৫ টাকা ১৩ পয়সা। অন্যদিকে, দেশের রাজধানী দিল্লিতে পেট্রলের দাম দাঁড়িয়েছে ৯৭ টাকা ৭৭ পয়সা এবং ডিজেল ৯০ টাকা ৬৭ পয়সা। মুম্বই ও চেন্নাইয়ে তেলের দাম আগেই সেঞ্চুরি হাঁকিয়েছিল, নতুন বৃদ্ধিতে তা আরও অসহনীয় হয়ে উঠল।
সিএনজি-র দামেও ছ্যাঁকা
জ্বালানি তেলের পাশাপাশি পরিবেশবান্ধব সিএনজি-র (CNG) দামও পাল্লা দিয়ে বেড়েছে। দিল্লিতে প্রতি কেজি সিএনজি-র দাম ৮৫ টাকা থেকে বাড়িয়ে ৮৭ টাকা করা হয়েছে। তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারে। পরিবহণ খরচ বাড়লে বাজার দর যে আরও আকাশছোঁয়া হবে, সেই আশঙ্কায় প্রমাদ গুনছে সাধারণ মানুষ।
প্রধানমন্ত্রীর বার্তা ও রাজনৈতিক চাপানউতোর
সম্প্রতি পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে সঞ্চয়ী হওয়ার এবং আমদানিকৃত পণ্যের ব্যবহারে কৃচ্ছ্রসাধন করার বার্তা দিয়েছেন। কেন্দ্র মনে করছে, বৈদেশিক মুদ্রাভাণ্ডারের ওপর চাপ কমাতে তেলের ব্যবহারে সংযম প্রয়োজন। তবে রাজনৈতিক মহলের একাংশ এই যুক্তি মানতে নারাজ। বিরোধীদের দাবি, পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের ভোট মিটতেই পরিকল্পিতভাবে এই দাম বাড়ানো হয়েছে।
সব মিলিয়ে, বৈশাখের গরমে জ্বালানির এই মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের হেঁশেল এবং পকেটে যে বড়সড় ধাক্কা দিতে চলেছে, তা বলাই বাহুল্য।





