তৃণমূল ছাড়লেন ‘অভিমানী’ সুজাতা, ইস্তফা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদ থেকেও
তৃণমূলে আর নয়! জেলা শাসকের দফতরে গিয়ে পদত্যাগ সুজাতা মণ্ডলের, এবার গন্তব্য কোথায়?
কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই এবার ঘর ভাঙল ঘাসফুল শিবিরের। তৃণমূলের সঙ্গে দীর্ঘ সংঘাত ও অভিমানের অবসান ঘটিয়ে দল ছাড়লেন বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল। বুধবার দুপুরে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। একই সঙ্গে তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
অভিমানের নিশানায় ‘ভোটকুশলী’
দল ছাড়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজাতা মণ্ডলের গলায় শোনা গেল একরাশ ক্ষোভ। দলের একাংশ নেতা এবং ভোটকুশলী সংস্থার (আই-প্যাক) ওপর আঙুল তুলেছেন তিনি। তাঁর দাবি, নিচুতলার কর্মীদের কথা না শুনে নির্দিষ্ট কিছু সংস্থার কথায় দল চালিত হওয়ায় প্রকৃত কর্মীরা গুরুত্বহীন হয়ে পড়েছেন। পরাজয়ের গ্লানি আর দলের অন্দরে কোণঠাসা হয়ে থাকতেই কি এই বড় সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন।
সুজাতার বর্ণময় সফর
২০১৯ সালে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী হিসেবে বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন সুজাতা। আইনি বাধায় সৌমিত্র কেন্দ্রে ঢুকতে না পারলেও একার কাঁধে লড়াই করে স্বামীকে জিতিয়েছিলেন। কিন্তু ২০২০ সালে পারিবারিক ও রাজনৈতিক মতভেদের কারণে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। বিচ্ছেদ হয়ে যায় সৌমিত্রর সঙ্গেও। ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে দাঁড়ালেও সাফল্যের মুখ দেখেননি। তবে ২০২৩-এ জেলা পরিষদে জয়ী হয়ে কর্মাধ্যক্ষ হয়েছিলেন।
ভবিষ্যৎ কি ফের গেরুয়া শিবিরে?
তৃণমূল ছাড়লেও সুজাতা মণ্ডল এখনই বিজেপিতে ফেরার কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর এই ইস্তফা বাঁকুড়া জেলায় তৃণমূলের সাংগঠনিক শক্তিতে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। সুজাতা জানিয়েছেন, আপাতত তিনি মানুষের পাশেই থাকবেন, তবে কোন ব্যানারে, তা বলবে সময়।






