বিধানসভায় ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
এদিন ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন
Truth of Bengal: বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শুরু হল। বুধবার প্রথম বিধায়ক হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এদিন ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন। বিধানসভা চত্বরে পৌঁছে প্রথমেই তিনি বিআর আম্বেডকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এরপর মুখ্যমন্ত্রীকে সেখানে গার্ড অফ অনার প্রদান করা হয়। বিধানসভা ভবনে প্রবেশের আগে তিনি সিঁড়িতে নতজানু হয়ে প্রণাম করেন এবং ভেতরে ঢুকে পুজোও দেন। এই সম্পূর্ণ মুহূর্তের ভিডিও তিনি নিজেই তাঁর ফেসবুক পেজে শেয়ার করেছেন।
View this post on Instagram
শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের পর একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিকরা। বিধানসভার প্রোটেম স্পিকার তাপস রায় সকল বিধায়ককে শপথবাক্য পাঠ করান। বিধানসভা সূত্রে জানানো হয়েছে যে, এদিন মোট দুটি পর্বে বিধায়কদের শপথগ্রহণের কর্মসূচি রাখা হয়েছে। প্রথম পর্বে উত্তরবঙ্গের ৯টি জেলা এবং মুর্শিদাবাদের মোট ৭৬ জন বিধায়ক সকাল ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে শপথ গ্রহণ করেন।
দ্বিতীয় পর্বের কর্মসূচি শুরু হয় দুপুর ২টো থেকে। এই দফায় নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার আরও ৮০ জন বিধায়কের শপথ নেওয়ার কথা রয়েছে। বিকেলের মধ্যে এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা। বুধবারের পর বৃহস্পতিবারও শপথগ্রহণ অনুষ্ঠান চলবে। জানা গিয়েছে, আগামীকাল বাকি ১১টি জেলার বিধায়করা শপথ নেবেন। দুই দিনব্যাপী এই পুরো প্রক্রিয়ায় প্রোটেম স্পিকার তাপস রায়ই নবনির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করানোর দায়িত্বে রয়েছেন।






