সপ্তাহজুড়েই চলবে বৃষ্টির দাপট! কী জানাল হাওয়া অফিস?
চলতি সপ্তাহজুড়েই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট জারি থাকবে।
Truth of Bengal: রাজ্যে ফের আবহাওয়ার ভোলবদল হতে চলেছে। গত কয়েকদিন ধরে দফায় দফায় ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হলেও অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় রয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, শীঘ্রই এই পরিস্থিতির পরিবর্তন হবে। বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে, যার প্রভাবে চলতি সপ্তাহজুড়েই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট জারি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বঙ্গোপসাগরে সেই কাঙ্ক্ষিত নিম্নচাপটি তৈরি হতে পারে। এর ফলে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টির প্রভাবে তিলোত্তমায় তাপমাত্রার পারদ স্বাভাবিক বা তার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা তুলনামূলক কম থাকলেও কিছু জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এবং দুই বর্ধমানে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে। এই জেলাগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া নিয়েও বিশেষ আপডেট দিয়েছে হাওয়া অফিস। সেখানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় বৃষ্টির পরিস্থিতি বজায় রয়েছে। আজ উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও আগামীকাল থেকে বর্ষণের পরিমাণ ফের বৃদ্ধি পাবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির পাশাপাশি মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রপাত-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।






