দেশ

উত্তরপ্রদেশে নৌকাডুবি, নিখোঁজ একাধিক

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ হামিরপুর জেলার ঘাতামপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Truth of Bengal: উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘিরে  ছড়াল  চাঞ্চল্য। যমুনা নদীর মাঝনদীতে একটি যাত্রীবাহী নৌকা উলটে যায়। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অন্তত ছ’জন নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ হামিরপুর জেলার ঘাতামপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই নৌকায় মোট ৯ জন যাত্রী ছিলেন। আচমকাই মাঝনদীতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। মুহূর্তের মধ্যে সকলেই জলে পড়ে যান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। প্রাথমিকভাবে তিনজন যাত্রী সাঁতার কেটে নিরাপদে তীরে পৌঁছতে সক্ষম হন। তবে বাকি ছ’জনের এখনও কোনও সন্ধান মেলেনি। নিখোঁজদের মধ্যে এক মহিলা, এক শিশু এবং এক কিশোর রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

বান্দা ডিভিশনের ডিআইজি রাজেশ যশ বলেন, নৌকাটিতে ন’জন যাত্রী ছিলেন। তিনজন সাঁতার কেটে নিরাপদ স্থানে চলে আসেন। কিন্তু বাকি ছ’জনের খোঁজ এখনও মেলেনি। তাঁদের মধ্যে এক মহিলা, এক শিশু এবং এক কিশোর রয়েছে। উদ্ধারকাজ চলছে।কী কারণে নৌকাটি উলটে গেল, তা এখনও স্পষ্ট নয়। অতিরিক্ত যাত্রী, প্রবল স্রোত নাকি অন্য কোনও যান্ত্রিক ত্রুটি— সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Related Articles