দেশ

বঙ্গে গেরুয়া ঝড় দেখে মেজাজ হারালেন ওমর আবদুল্লা! ‘ব্লাডি হেল’ টুইটে তোলপাড় নেট দুনিয়া

বাংলার ফলাফল নিয়ে স্পষ্টতই হতাশা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ব্লাডি হেল!’

Truth of Bengal: বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার গতিপ্রকৃতি যত স্পষ্ট হচ্ছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। সকালের প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির জয়জয়কার এবং গেরুয়া আবির খেলা শুরু হতেই সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার একটি সংক্ষিপ্ত এক্স (পূর্বতন টুইটার) পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। বাংলার ফলাফল নিয়ে স্পষ্টতই হতাশা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ব্লাডি হেল!’

ওমর আবদুল্লার এই মন্তব্যের পরই সামাজিক মাধ্যমে তাঁকে লক্ষ্য করে শুরু হয়েছে তীব্র কটাক্ষ ও ট্রোল। এক নেটিজেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে লিখেছেন, ‘ওমরজি, বিষয়টিকে এত হালকাভাবে নেওয়া উচিত হয়নি। ওঁর নাম নরেন্দ্র মোদী।’ অন্য এক ব্যবহারকারী তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে বিদ্রুপ করে লিখেছেন, ‘তৃণমূল এখন বলছে খেলা হবে, জয় শ্রীরাম।’ নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছিলেন ওমর, তাই বাংলার বর্তমান ফলে তাঁর এই প্রতিক্রিয়াকে রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন নেটিজেনরা।

ভোটগণনার শুরু থেকেই অবশ্য পাল্লা ভারী ছিল বিজেপির দিকে। সকাল আটটায় পোস্টাল ব্যালট খোলা হতেই দেখা যায়, উত্তরবঙ্গের একাধিক আসনে পদ্ম প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে যখন ইভিএম গণনা শুরু হয়, তখন সেই ট্রেন্ড দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ছড়িয়ে পড়ে। কলকাতা থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা, নদীয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় বিজেপি প্রার্থীদের লিড বা ভোটের ব্যবধান লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে।

খাস কলকাতাতেও একাধিক আসনে বিজেপি অভাবনীয় ফলের ইঙ্গিত দেওয়ায় রীতিমতো চাপে ঘাসফুল শিবির। গণনার শুরু থেকেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও, এবার দক্ষিণবঙ্গেও গেরুয়া ঝড়ের যে আভাস মিলছে, তা রাজনৈতিক বিশ্লেষকদের অনেক সমীকরণই বদলে দিচ্ছে। এই জয়ী মেজাজ দেখেই গণনাকেন্দ্রের বাইরে বিজেপি কর্মীদের অকাল হোলিতে মেতে উঠতে দেখা গিয়েছে, যার আঁচ পৌঁছেছে সুদূর কাশ্মীরে ওমরের এক্স হ্যান্ডল পর্যন্ত।

Related Articles