তিরুপতিতে পুজো দিয়েই বিজয়ের বাড়িতে তৃষা, ‘প্রেমিকা’র জন্মদিনেই তামিলভূমে ইতিহাস থলপতির!
টিভিকের নেতা ফেলিক্স জেরাল্ড আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে, কোনো জোটের সমর্থন ছাড়াই তামিলনাড়ুতে এককভাবে সরকার গঠন করবে বিজয়ের দল।
Truth of Bengal: বুথফেরত সমীক্ষার সমস্ত পূর্বাভাসকে ভুল প্রমাণ করে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অবিশ্বাস্য উত্থান ঘটালেন ‘থালাপতি’ বিজয়। রাজনৈতিক বিশ্লেষকদের সমস্ত হিসেব-নিকেশ উল্টে দিয়ে নিজের প্রথম রাজনৈতিক ইনিংসেই বাজিমাত করেছেন তিনি। বর্তমানে প্রাপ্ত প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, রাজ্যের মোট ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে) ১০৬টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ডিএমকে ৪৫টি, এডিএমকে ৩টি এবং অন্যান্য দল ৯টি আসনে এগিয়ে আছে। টিভিকের নেতা ফেলিক্স জেরাল্ড আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে, কোনো জোটের সমর্থন ছাড়াই তামিলনাড়ুতে এককভাবে সরকার গঠন করবে বিজয়ের দল।
নির্বাচনের আগে বিজয়কে ঘিরে বিতর্ক বা প্রতিকূলতার শেষ ছিল না। তাঁর সিনেমা সেন্সরের কোপে পড়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের ‘বিয়ে-পরকীয়া’ কেচ্ছা—সবকিছু দিয়েই তাঁকে দমানোর চেষ্টা হয়েছিল। কিন্তু সমস্ত বাধা উপেক্ষা করে তিনি একজন প্রকৃত ‘জননায়ক’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে কোনো অভিনেতার এমন গগনচুম্বী সাফল্য সচরাচর দেখা যায় না। বিজয়ের এই জয় তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা ঘিরে তাঁর সমর্থকদের মধ্যে এখন বাঁধভাঙা উচ্ছ্বাস।
বিজয়ের এই ঐতিহাসিক সাফল্যের দিনে তাঁর নীলাঙ্করাইয়ের বাড়ির সামনে এখন জনসমুদ্র। সমর্থকদের উল্লাস ও আবেগের মাঝে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণণ। এদিন তৃষার জন্মদিন, আর সেই বিশেষ দিনেই তাঁকে বিজয়ের বাড়ির প্রবেশ পথে দেখা যাওয়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। এর আগে ভোটের আবহে তৃষা ও বিজয়ের সম্পর্কের সমীকরণ নিয়ে নানা চর্চা শোনা গিয়েছিল, এমনকি বিজয়ের স্ত্রীর দায়ের করা বিবাহ-বহির্ভূত সম্পর্কের মামলাও ছিল শিরোনামে। এদিন সকালেই তৃষাকে তিরুপতি বালাজিতে পুজো দিতে দেখা গেছে, আর নেটিজেনরা সেই দৃশ্যকে বিজয়ের রাজনৈতিক সাফল্যের কামনার সঙ্গে একসূত্রে বেঁধেছেন। সব মিলিয়ে, বিতর্ক ও সমালোচনাকে পেছনে ফেলে তামিলনাড়ুর মসনদে এখন থালাপতি বিজয়ের জয়জয়কার।






