কলকাতা

৯ ঘণ্টার ম্যারাথন জেরা শেষেও মিলল না রেহাই! সুজিত বসুকে ফের তলব ইডির, তলব রথীন ঘোষকেও

ইডি সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত কিছু নথিপত্র যাচাই করতেই এই তলব

Truth of Bengal: পুরনিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ল রাজ্যের দমকলমন্ত্রী তথা বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুর। শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তাঁকে পুনরায় তলব করেছে। আগামী ৬ মে তাঁকে প্রয়োজনীয় নথি-সহ ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত কিছু নথিপত্র যাচাই করতেই এই তলব।

এর আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। তবে বিধানসভা নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি বারবার হাজিরা এড়িয়েছিলেন। পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ নির্দেশ দেয় যে, ১ মে মন্ত্রীকে ইডি দফতরে হাজিরা দিতে হবে। সেই নির্দেশ মেনেই শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি। টানা নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা ৭টা নাগাদ তিনি সেখান থেকে বের হন।

ইডির দফতর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজিত বসু জানান, তিনি তদন্তকারীদের সবরকম সহযোগিতা করেছেন এবং একজন সাক্ষী হিসেবেই তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। তবে তদন্তের নামে হেনস্থা করার চেষ্টার বিরুদ্ধে তিনি সতর্কবাণীও দিয়েছেন। মন্ত্রীর কথায়, সৎভাবে ব্যবসা করা কোনো অপরাধ নয়, কিন্তু চুরি করা অবশ্যই অপরাধ। উল্লেখ্য, এই মামলায় তদন্তের স্বার্থে এর আগে সুজিতের পাশাপাশি তাঁর পুত্র সমুদ্রকেও তলব করেছিল ইডি। এমনকি মন্ত্রীর বাড়ি ও অফিসে তল্লাশিও চালিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

পুরনিয়োগ মামলার জালে জড়িয়েছেন রাজ্যের আরও এক মন্ত্রী রথীন ঘোষও। ইডি তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে। সুজিত বসুর মতো তিনিও নির্বাচনের ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা দিতে পারেননি। আগামী ৪ মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। ঠিক তার দুদিন পরেই অর্থাৎ ৬ মে রথীন ঘোষকেও সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। ফলে নির্বাচনের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই দুই হেভিওয়েট মন্ত্রীর ইডি হাজিরা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Related Articles