ইভিএমে পদ্ম প্রতীকে টেপ! ফলতায় তুলকালামের মাঝেই রিপোলিং দাবি বিজেপির
“ভোট লুট করতে এই ছক!”, দেবাংশু পান্ডার অভিযোগে উত্তাল দেবীপুর, রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: ২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বুধবার দিনভর শিরোনামে থাকল দক্ষিণ ২৪ পরগনা। একদিকে যখন উত্তরপ্রদেশের ‘সিংঘম’ আইপিএস অজয়পাল শর্মা সাঁজোয়া গাড়ি নিয়ে বুথে বুথে দাপিয়ে বেড়াচ্ছেন, ঠিক তখনই ফলতায় ইভিএমে কারচুপির মারাত্মক অভিযোগ তুলে শোরগোল ফেলে দিল বিজেপি। ফলতা বিধানসভার দেবীপুরের ১৭৭ নম্বর বুথে ইভিএমের ওপর পদ্ম প্রতীকে টেপ সাঁটিয়ে দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা।
বিজেপি প্রার্থীর দাবি, ভোটাররা যাতে পদ্ম প্রতীকে ভোট দিতে না পারেন, সেই কারণেই সুপরিকল্পিতভাবে প্রতীকের ওপর টেপ মেরে দেওয়া হয়েছিল। এই ঘটনার নেপথ্যে তৃণমূলের ‘মাস্টারপ্ল্যান’ রয়েছে বলে দাবি করে ফলতায় পুনর্নির্বাচনের আর্জি জানিয়েছে গেরুয়া শিবির। অভিযোগ পাওয়ামাত্রই ওই বুথের ইভিএম বদলে দেওয়া হলেও কমিশনের পক্ষ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। অন্যদিকে, তৃণমূল এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।
এদিকে, ভোটের সকালেই অন্য ছবি ধরা পড়ল ভাঙড়ে। গত কয়েকদিন ধরে বোমা উদ্ধার ও বিস্ফোরণ কাণ্ডে উত্তপ্ত এই এলাকায় এদিন সরাসরি ময়দানে নামলেন এনআইএ (NIA) আধিকারিকরা। দুটি পৃথক বিস্ফোরক মামলার তদন্তে এদিন সকাল থেকে ভাঙড়ের বিভিন্ন জায়গায় তল্লাশি ও পর্যবেক্ষণ চালান তাঁরা। কেন্দ্রীয় গোয়েন্দাদের এই উপস্থিতি এবং অজয়পাল শর্মার কনভয়ের দৌড়ঝাঁপ, সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটে দক্ষিণ ২৪ পরগনার উত্তাপ এখন চরমে।






