কলকাতা

চক্রবেড়িয়ার বুথে মুখোমুখি মমতা-শুভেন্দু! সৌজন্য নেই, হাইভোল্টেজ ‘কথা কাটাকাটি’ দুই প্রার্থীর

ভোটের সকালেই ‘সেয়ানে সেয়ানে’ টক্কর! শুভেন্দুকে দেখেও সরলেন না মমতা, নজরকাড়া ছবি ভবানীপুরে

বিকাশ ঘোষ: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হাইভোল্টেজ লড়াইয়ে বুধবার সকালে তৈরি হল এক বেনজির মুহূর্ত। চক্রবেড়িয়ার একটি বুথে যখন আগে থেকেই হাজির ছিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময়ই সেখানে পৌঁছে যায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কনভয়। যুযুধান দুই পক্ষের মুখোমুখি সাক্ষাতে এক লহমায় বদলে যায় এলাকার উত্তাপ। তবে একে অপরের মুখোমুখি হলেও কোনও সৌজন্য বিনিময় হয়নি তাঁদের মধ্যে। বরং বুথের বাইরে চলল কথার লড়াই।

বুথ থেকে বেরিয়েই মমতাকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের হতাশা এখন চরমে পৌঁছেছে। একটা মানুষও ওঁকে ভোট দিচ্ছেন না, সেটা বুঝতে পেরেই বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন।” শুভেন্দুর আত্মবিশ্বাসী মেজাজ বুঝিয়ে দিল, নিজের জয়ে তিনি কতটা নিশ্চিন্ত।

অন্যদিকে, চক্রবেড়িয়ার সেই বুথের বাইরে দাঁড়িয়েই সরাসরি কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির বিরুদ্ধে ‘সন্ত্রাস’ চালানোর অভিযোগ আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাত থেকে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে। আমি সারা রাত জেগেই সব তদারকি করেছি। ভবানীপুরেও সন্ত্রাস (Terrorism) চালানো হচ্ছে।” ভাঙড়ের অশান্তি নিয়ে নির্বাচন কমিশনকে একহাত নিয়ে মমতার প্রশ্ন, “এসব অসভ্যতা করে কি জেতা যায়? এরা আসলে জোর করে ভোট লুট করতে চাইছে।”

দুই হেভিওয়েট প্রার্থীর এই স্নায়ুযুদ্ধকে কেন্দ্র করে চক্রবেড়িয়া এলাকায় এখন চরম উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা বুথ চত্বর। ভোটের দিনে ভবানীপুরের এই ‘মুখোমুখি’ সংঘাত আদতে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর গোটা বাংলার।

Related Articles