সাঁজোয়া গাড়ি নিয়ে ডায়মন্ড হারবারে ‘সিংহম’ অজয়পাল! অভিষেক-গড়ে বুথে বুথে টহল
ডমিনেটিং মোডে উত্তরপ্রদেশের আইপিএস! ফলতা থেকে মগরাহাটে ঘুরছে পর্যবেক্ষকের কনভয়

Truth of Bengal: ২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে দক্ষিণ ২৪ পরগনার রণক্ষেত্রে আজ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যোগীরাজ্যের ‘সিংঘম’। ভোট শুরুর প্রথম লগ্ন থেকেই অ্যাকশন মোডে ধরা দিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশেষ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। বুধবার সকাল হতেই ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে সাঁজোয়া গাড়ি ও বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে দাপিয়ে বেড়াতে দেখা গেল এই দুঁদে আইপিএস অফিসারকে। তাঁর কনভয় একে একে ঘুরছে ফলতা, মগরাহাট (পশ্চিম) ও ডায়মন্ড হারবারের বুথে বুথে।
উত্তরপ্রদেশ পুলিশের ডিআইজি তথা ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত অজয়পালকে নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। সোমবার রাতে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে ধমক দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শাসকদলের নিশানায় রয়েছেন তিনি। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রও সেই ভিডিও শেয়ার করে পর্যবেক্ষকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শাসকদলের স্পষ্ট অভিযোগ, এই পুলিশ অফিসার আদতে ‘পক্ষপাতদুষ্ট’ এবং বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছেন।
বিতর্ক গড়িয়েছে আদালত পর্যন্ত। অজয়পাল শর্মাকে রাজ্যের নির্বাচনী দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন আদিত্য দাস নামে এক ব্যক্তি। মামলাকারী এই বিষয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। যদিও আইনি লড়াইয়ের মাঝেই বুথে বুথে কড়া মেজাজে ঘুরছেন অজয়পাল। তাঁর উপস্থিতিতে আপাতত এলাকা শান্তিপূর্ণ থাকলেও, যে কোনও মুহূর্তের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে রুট মার্চ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ‘সিংঘম’-এর এই অতি-সক্রিয়তা শেষ পর্যন্ত অবাধ ভোট নিশ্চিত করে নাকি নতুন বিতর্কের জন্ম দেয়, এখন সেটাই দেখার।


