তেলেঙ্গানায় নিজের রাজনৈতিক দল গড়লেন প্রাক্তন বিআরএস নেত্রী কে কবিতা
প্রসঙ্গত, সাত মাস আগে কে কবিতাকে বিআরএস থেকে সাসপেন্ড করা হয়েছিল।
Truth Of Bengal: তেলঙ্গানার রাজনীতিতে নতুন চমক। প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) মেয়ে তথা প্রাক্তন বিআরএস নেত্রী কে কবিতা শনিবার আনুষ্ঠানিকভাবে নিজের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করলেন। নতুন দলের নাম ‘তেলঙ্গানা রাষ্ট্র সেনা’। এই ঘোষণার মধ্য দিয়ে বাবার দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর সঙ্গে তাঁর চূড়ান্ত বিচ্ছেদ কার্যত নিশ্চিত হল বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, সাত মাস আগে কে কবিতাকে বিআরএস থেকে সাসপেন্ড করা হয়েছিল। এরপর দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব আরও বেড়ে যায়। সাসপেনশনের পরেই কবিতা বিআরএস থেকে ইস্তফা দেন এবং সমস্ত প্রশাসনিক পদ থেকেও সরে দাঁড়ান। শনিবার মেডচাল জেলার মুনিরাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে কবিতা নতুন দলের নাম, পতাকা এবং প্রাথমিক কর্মসূচি ঘোষণা করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অনুষ্ঠানে তেলঙ্গানার ৩৩টি জেলা থেকে প্রায় ৫০ হাজার সমর্থক উপস্থিত ছিলেন।
এদিন দলের আত্মপ্রকাশের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ কবিতা একটি আক্রমণাত্মক বার্তা পোস্ট করেন। তিনি লেখেন, নামটা মনে রাখবেন, তেলঙ্গানা রাষ্ট্র সেনা। যা-ই আসুক না কেন, আমরা পিছু হটব না। এবার তেলঙ্গানার মানুষরা বলবে। আমাদের উচ্চাকাঙ্ক্ষাকে শেষ হতে দেব না। আমাদের পথে যে বাধা দেবে, তারাই ছাই হয়ে যাবে। তোমাদের সময় শেষ, এবার আমাদের সময় শুরু।
দলীয় সূত্রের দাবি, কবিতা প্রথমে নতুন দলের নাম হিসেবে ‘টিআরএস’ (তেলঙ্গানা রাষ্ট্র সমিতি) নামটি ধরে রাখতে আগ্রহী ছিলেন। কারণ একসময় এই নামেই কেসিআরের নেতৃত্বে তেলঙ্গানা আন্দোলন সংগঠিত হয়েছিল এবং রাজ্যের মানুষের মধ্যে এই নামের রাজনৈতিক আবেগ এখনও যথেষ্ট শক্তিশালী। তবে শেষ পর্যন্ত তিনি দলটির নাম ‘তেলঙ্গানা রাষ্ট্র সেনা’ রাখেন। কে কবিতার নতুন দলের আত্মপ্রকাশ তেলঙ্গানার রাজনৈতিক অঙ্কে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিআরএস, কংগ্রেস এবং বিজেপির ত্রিমুখী লড়াইয়ের মধ্যে কবিতার ‘তেলঙ্গানা রাষ্ট্র সেনা’ কতটা প্রভাব ফেলতে পারবে, এখন সেটাই বড় প্রশ্ন।






