রাজ্যের খবর

ভোররাত থেকে হাবড়ায় ইডির ম্যারাথন তল্লাশি! তিন চাল ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হানা তদন্তকারীদের

সূত্রের খবর, আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় এবার ইডির নজরে স্থানীয় চাল ব্যবসায়ীরা।

Truth Of Bengal: প্রথম দফার ভোট শেষ হতেই আবার সক্রিয় হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার ভোর থেকেই উত্তর ২৪ পরগনার হাবড়ায় একাধিক জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা। সূত্রের খবর, আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় এবার ইডির নজরে স্থানীয় চাল ব্যবসায়ীরা।

জানা গিয়েছে, দক্ষিণ হাবড়ার সুভাষ রোড এলাকায় পার্থ সাহা, রাজীব সাহা এবং শ্রমিক চন্দ্র নামে তিন ব্যবসায়ীর দোকানে অভিযান চালানো হয়। পাশাপাশি জয়গাছি নেতাজি রোড এলাকার একাধিক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চলে। ইডি সূত্রে খবর, যাঁদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, তাঁরা সকলেই চাল ব্যবসার সঙ্গে যুক্ত। আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

শনিবার সকালে কলকাতার সিজিও কমপ্লেক্স থেকে একাধিক দল রওনা দেয়। হাবড়ায় পৌঁছে দলগুলি ভাগ হয়ে আলাদা আলাদা জায়গায় তল্লাশি শুরু করে। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়।

উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন মামলায় ইডির তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কখনও বাড়ি বা অফিসে তল্লাশি, আবার কখনও সন্দেহভাজনদের সিজিও কমপ্লেক্সে তলব করা হচ্ছে। বিরোধীদের অভিযোগ, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল।

এই পরিস্থিতিতে হাবড়ার চাল ব্যবসায়ীদের ওপর ইডির এই অভিযান নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু করেছে।

Related Articles