ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম! টাকা বিলির অভিযোগে শ্রীঘরে সুফিয়ানের জামাই
বুথে বুথে ভোটারদের ধমক ও টাকা বিলির অভিযোগ মহম্মদপুরের প্রধান নান্টুর বিরুদ্ধে।
Truth of Bengal: ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে ফের তপ্ত হাইভোল্টেজ নন্দীগ্রাম। ভোটারদের টাকা বিলি এবং ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার হলেন নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা তথা মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ হাবিবুল রহমান ওরফে নান্টু। ধৃত হাবিবুল আবার নন্দীগ্রাম আন্দোলনের চেনা মুখ শেখ সুফিয়ানের জামাই। সোমবার রাতের এই টানটান উত্তেজনার ঘটনায় তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।
বিজেপির অভিযোগ, মহম্মদপুর এলাকার বিভিন্ন বুথে বুথে দলবল নিয়ে ঘুরছিলেন নান্টু। ভোটারদের প্রভাবিত করতে নগদ টাকা বিলি এবং শাসকদলের পক্ষে ভোট দিতে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা তাঁকে ঘিরে ধরলে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি Truth of Bengal)। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি বেগতিক দেখে নান্টুকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারির প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় নেতৃত্বের দাবি, নান্টু একজন দাপুটে নেতা এবং পঞ্চায়েত প্রধান, তাই ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁদের বক্তব্য, “নান্টু স্রেফ দলীয় প্রচারে গিয়েছিলেন, কোনও টাকা বিলি করেননি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই পুলিশকে ব্যবহার করে বিজেপি এই গ্রেফতারি করিয়েছে।” যদিও পুলিশের সাফ কথা, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজই ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।
অন্যদিকে, ভোটের মুখে নন্দীগ্রামে অশান্তির এখানেই শেষ নয়। কয়েকদিন আগেই তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আব্বাস বেগের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। এই পরিস্থিতির মধ্যেই নন্দীগ্রামের লড়াইয়ে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। অভিষেক যেখানে মা-বোনদের ‘প্রতিরোধের’ ডাক দিয়ে ২৫ হাজার ভোটে জয়ের চ্যালেঞ্জ ছুঁড়েছেন, সেখানে পাল্টা তৃণমূলকে জমিছাড়া করার হুঙ্কার দিয়েছেন নন্দীগ্রামের ‘ভূমিপুত্র’ শুভেন্দু। সব মিলিয়ে প্রথম দফার ভোটের আগে নন্দীগ্রাম এখন আক্ষরিক অর্থেই বারুদের স্তূপে দাঁড়িয়ে।






