কলকাতা

ভোটের মুখে রণক্ষেত্র একবালপুর! থানার সামনেই বিজেপি-তৃণমূল খণ্ডযুদ্ধ, আক্রান্ত রাকেশ সিং

খিদিরপুরে মাঝরাতে পুলিশের লাঠিচার্জ! বিজেপি প্রার্থীর মিছিলে ‘গো ব্যাক’ স্লোগান ঘিরে তুলকালাম

Truth of Bengal: ভোটের প্রাক্কালে সোমবার রাতভর রণক্ষেত্রের চেহারা নিল খিদিরপুরের একবালপুর। বিজেপি ও তৃণমূলের দফায় দফায় সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ এবং কেন্দ্রীয় বাহিনীর টহলে কার্যত থমথমে গোটা এলাকা। অভিযোগ, কলকাতা বন্দর বিধানসভার বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নির্বাচনী সভাকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। ঘটনার জেরে প্রার্থী রাকেশ সিং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলেও দাবি করেছে বিজেপি শিবির।

স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে একবালপুরের হোসেন শাহ রোডে রাকেশের সমর্থনে একটি সভা চলছিল। বিজেপির অভিযোগ, সভা চলাকালীন তৃণমূল কর্মীরা জমায়েত করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিজেপি প্রার্থীর নেতৃত্বে কর্মীরা একবালপুর থানার সামনে গিয়ে বিক্ষোভে বসেন। তাঁদের দাবি ছিল, সভায় বাধা দেওয়া তৃণমূল কর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কিন্তু থানার সামনেই দু-পক্ষ মুখোমুখি হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

থানার সামনেই শুরু হয় ধস্তাধস্তি ও হাতাহাতি। একে অপরের দিকে তেড়ে যান দু-দলের কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং জমায়েত ছত্রভঙ্গ করে দেয়। বিজেপির দাবি, পুলিশের লাঠির আঘাতে এবং তৃণমূলের হামলায় প্রার্থী রাকেশ সিং জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পদ্ম শিবির। যদিও পুলিশের পক্ষ থেকে বিজেপির সভায় তৃণমূলের হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

অন্যদিকে, কলকাতার এন্টালিতেও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার রোড-শো চলাকালীন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, রোড-শো চলাকালীন ষড়যন্ত্র করে রাস্তার সব আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। এই ‘অন্ধকার রাজনীতি’র নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে সরব হয়েছে গেরুয়া শিবির। ভোটের মুখে কলকাতার দুই প্রান্তে এই অশান্তি ও অভিযোগ-পালটা অভিযোগের জেরে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে কমিশন। এলাকায় এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।

Related Articles