Truth of Bengal: লোকসভা নির্বাচনের আবহে রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা আরও বৃদ্ধি পেল। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির স্ক্যানারে এলেন অভিনেত্রী তথা বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত জাহান। রেশন দুর্নীতি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে। আগামী ২২ এপ্রিল, বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেত্রীকে। যদিও এই তলব প্রসঙ্গে নুসরত জাহানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভোটের মুখে পশ্চিমবঙ্গে ইডির এই অতিসক্রিয়তা নিয়ে ইতিমদ্যেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, এই সবকিছুর নেপথ্যে বিজেপির গভীর ষড়যন্ত্র রয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আসন্ন নির্বাচনে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারংবার জনসভা থেকে এই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হয়েছেন।
তৃণমূলের অভিযোগের সুর আরও চড়িয়ে সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। একটি মামলার পরিপ্রেক্ষিতে তিনি আদালতে দাবি করেছেন যে, গোটা রাজ্যে প্রায় ৮০০ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে এমন পদক্ষেপ গণতন্ত্রের জন্য অন্তরায় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে আদালতের দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।






