তেল-টাকা দেয়নি কংগ্রেস! এক বালতি দুধে ‘পবিত্র’ হয়েই তৃণমূলের পতাকা ধরলেন মামুন!
ঘাসফুল শিবিরে নাম লেখানোর আগে প্রকাশ্য রাস্তায় ‘দুগ্ধস্নান’ যুবকের, মুর্শিদাবাদে হুলুস্থুল।
কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: রাজনৈতিক দলবদল এ রাজ্যে নতুন কোনও ঘটনা নয়। কিন্তু দলবদল করতে গিয়ে আস্ত এক বালতি দুধে স্নান করে নিজেকে ‘শুদ্ধ’ করে নেওয়ার ঘটনা আগে দেখেনি কেউ। বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার অন্তর্গত ডেপুটিপাড়া পানিপিয়া গ্রামে এমনই এক নজিরবিহীন ও নাটকীয় ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে ডেপুটিপাড়া পানিপিয়া গ্রামে কংগ্রেসের একটি বাইক মিছিল আয়োজিত হয়েছিল। সেই মিছিলে একদল স্থানীয় যুবক যোগ দেন। কিন্তু মিছিল শেষ হতেই শুরু হয় যুবকদের ক্ষোভ। যোগদানকারী যুবকদের অভিযোগ, বাইকের তেল এবং নগদ টাকার প্রলোভন দেখিয়ে তাদের মিছিলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্মসূচি শেষে সেই প্রতিশ্রুতি পূরণ করেনি স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।
প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন ওই যুবকেরা। এরপরই তারা সিদ্ধান্ত নেন কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার। রাণীনগর-১ নম্বর ব্লকের অঞ্চল সভাপতি রফিকুল ইসলামের হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে সকলকে চমকে দেন দলেরই এক যুবক মামুন শেখ। তৃণমূলের ঝাণ্ডা হাতে নেওয়ার আগে তিনি প্রকাশ্যেই এক বালতি দুধ দিয়ে স্নান করেন। যদিও কংগ্রেসের পক্ষ থেকে প্রলোভন দেখানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে।
মামুনের দাবি, তেল এবং ৫০০ টাকার বিনিময়ের মিছিলে গিয়েছিলাম। সেই মিছিলে গিয়ে তেলও দেয়নি টাকাও দেয়নি। তাই পবিত্র হওয়ার জন্য এক বালতি দুধে স্নান করে শুদ্ধ হয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। তৃণমুলের সদস্য, প্রধান ও অঞ্চল সভাপতি উপস্থিতিতে তৃণমূলের পতাকা ধরে যোগদান করলাম। কংগ্রেসের মিছিলে গিয়ে তিনি ‘অশুচি’ হয়েছিলেন, তাই ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার আগে দুধ দিয়ে স্নান করে নিজেকে ‘পবিত্র’ বা ‘শুদ্ধ’ করে নিলেন।
অঞ্চল সভাপতি রফিকুল ইসলাম নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। যুবকদের এই অভিনব প্রতিবাদকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষ বুঝতে পারছে বিরোধীরা কেবল প্রলোভন দিয়ে রাজনীতি করতে চায়, আর এই দুধে স্নান করার ঘটনাটি আসলে সেই রাজনৈতিক ক্ষোভেরই এক বহিঃপ্রকাশ। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সরগরম রাণীনগরের রাজনৈতিক মহল।
রাণীনগর-২ ব্লক কংগ্রেস নেতা মিজান হাসান জানান, কংগ্রেসে বিপুল যোগদান দেখে পাল্টা শক্তি প্রদর্শনের জন্য দুধ দিয়ে স্নান করিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। অথচ কংগ্রেসের মিছিলে কাউকে আনার জন্য তেল বা টাকার কোনো প্রলোভন দেখানো হয়নি।






