Truth of Bengal: ভারতীয় সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘ কয়েক দশকের সুরেলা সফরের অবসান ঘটিয়ে চিরনিদ্রার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার সন্ধ্যার আচমকা অসুস্থতা কেড়ে নিল এই নক্ষত্রকে। গায়িকার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যাবেলায় আচমকাই শরীরে অস্বস্তি অনুভব করেন শিল্পী। নিজের সেই শারীরিক যন্ত্রণার কথা এক গৃহকর্মীকে জানিয়েছিলেন তিনি। এর কিছু পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গিয়েছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পাড়ি দিলেন অমৃতলোকে। তাঁর চলে যাওয়া মানে ভারতীয় সঙ্গীত দুনিয়ায় একটি স্বর্ণালি অধ্যায়ের চূড়ান্ত অবসান।
গায়িকার মৃত্যুর ঠিক আগে পর্যন্ত তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছিল আপামর অনুরাগী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দফতর। আশার নাতনি জনাই ভোসলে এক্স হ্যান্ডেলে তাঁর অসুস্থতার খবর দিয়ে লিখেছিলেন, “ঠাকুমা খুবই ক্লান্ত এবং ফুসফুসে সংক্রমণ হয়েছে। আমাদের গোপনীয়তাকে দয়া করে সম্মান দিন।” পরিবারের আশা ছিল তিনি সুস্থ হয়ে ফিরবেন, কিন্তু ভাগ্য সহায় হলো না।
দীর্ঘ সঙ্গীত জীবনে ভারতের প্রায় সব ভাষাতেই অগণিত গান গেয়েছেন আশা। দাদাসাহেব ফালকে থেকে শুরু করে পদ্মবিভূষণ- সম্মান ও পুরস্কারে ভরে উঠেছে তাঁর ঝুলি। গ্র্যামি মনোনয়ন থেকে শুরু করে ‘দিল তো পাগল হ্যায়’, ‘তুমসে মিলকে’ বা ‘দম মারো দম’-এর মতো কালজয়ী গানগুলি চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তাঁর প্রয়াণে কেবল একটি কণ্ঠ স্তব্ধ হলো না, স্তব্ধ হল ভারতীয় চলচ্চিত্রের একটা ইতিহাস।





