রাজ্যের খবর

সাতসকালে পার্থর বাড়িতে ইডির হানা, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় উত্তেজনা তুঙ্গে

এই মামলার অন্যতম অভিযুক্ত তথা ‘মিডলম্যান’ প্রসন্ন রায়

Truth Of Bengal: নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। শনিবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছে গেলেন তদন্তকারীরা। একই সঙ্গে হানা দেওয়া হয়েছে নিউ টাউনে এই মামলার অন্যতম অভিযুক্ত তথা ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের দফতরেও। ভোটের আবহে কেন্দ্রীয় এজেন্সির এই জোড়া অভিযানে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিয়োগ মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার তলব করা হয়েছিল। কিন্তু প্রতিবারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি। প্রাক্তন মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থা তাঁকে ভিডিও কলে বা বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে। মনে করা হচ্ছে, সেই কারণেই শনিবার বেলা ১১টা নাগাদ ইডির একটি দল সরাসরি তাঁর বাড়িতে হানা দেয়। বর্তমানে নাকতলার বাড়িটি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন।

২০২২ সালে এই নাকতলার বাড়ি থেকেই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি নগদ টাকা। প্রায় তিন বছর জেল খাটার পর বর্তমানে তিনি জামিনে মুক্ত। অন্যদিকে, নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায়, যিনি পার্থ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তাঁর বাড়িতে ও নিউ টাউনের দফতরেও তল্লাশি চালাচ্ছে ইডির অন্য একটি দল।

রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে নিয়োগ দুর্নীতি মামলার এই পুনরুজ্জীবন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুর্নীতির অভিযোগে আগেই তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে দূরত্ব তৈরি করেছে এবং মন্ত্রিত্ব ও দলীয় পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তাঁর বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে। এই পরিস্থিতিতে ফের ইডির সক্রিয়তা প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওপর আইনি চাপ কতটা বাড়ায়, সেটাই এখন দেখার।

Related Articles