আন্তর্জাতিক

সংঘর্ষবিরতির আড়ালে নয়া রণকৌশল? ট্রাম্পের বিজয়বার্তায় এখনও নীরব ইরান

এই বিজয়বার্তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

Truth Of Bengal: মাসাধিক কাল রক্তক্ষয়ী যুদ্ধের পর আমেরিকা ও ইরানের মধ্যে দু’সপ্তাহের সংঘর্ষবিরতি কার্যকর হলেও তার মাঝেই পূর্ণ যুদ্ধজয়ের ঘোষণা করে বিশ্ব রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় দু’দেশের মধ্যে শান্তি বৈঠকের তোড়জোড় শুরু হওয়ার প্রাক্কালেই ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকা ইরান যুদ্ধে জয়ী হয়েছে এবং একে বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন হিসেবে অভিহিত করেছেন তিনি।

ট্রাম্পের এই বিজয়বার্তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তাঁর দাবি ‘অপারেশন এপিক ফিউরি’ ছিল রণক্ষেত্রে এক ঐতিহাসিক ও অপ্রতিরোধ্য জয় এবং এই অভিযানের মাধ্যমে ইরানকে সামরিকভাবে পঙ্গু করে দেওয়ার সমস্ত লক্ষ্যমাত্রা আমেরিকা পূরণ করতে সক্ষম হয়েছে। ট্রাম্পের এই জয় ঘোষণাকে মান্যতা দিয়েছে ইজরায়েলও। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন জানিয়েছে যে ইরানের সঙ্গে এই লড়াই ছিল তাঁদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম এবং এই যুদ্ধের পর ইরানকে নিয়ে ভয় পাওয়ার আর কোনও কারণ নেই।

যদিও আমেরিকার এই আগ্রাসী দাবির বিপরীতে তেহরান এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পর্যবেক্ষকদের মতে যুদ্ধের শুরু থেকেই আমেরিকা কখনও পরমাণু কর্মসূচি বন্ধ করা আবার কখনও শাসনব্যবস্থা পরিবর্তনের মতো পরস্পরবিরোধী লক্ষ্যের কথা বলে এসেছে। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান যে পালটা প্রতিরোধ গড়ে তুলেছিল তা ওয়াশিংটনকে বেশ বেগ দিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানে দ্বিপাক্ষিক বৈঠকের আগেই ট্রাম্পের এই একতরফা বিজয় ঘোষণা কোনও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল কি না তা নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে। শেষ পর্যন্ত তেহরান এই দাবির কী জবাব দেয় এখন সেটাই দেখার।

Related Articles