তৃণমূল নেতাকে পুলিশের গাড়িতে ‘লিফট’! ভোটের মুখে কড়া দাওয়াই কমিশনের, সাসপেন্ড নৈহাটির আইসি
রাজ্যে প্রথম দফার ভোটের মুখেই নির্বাচন কমিশনের কড়া শাস্তির মুখে পড়লেন নৈহাটি থানার আইসি (IC) মহাবীর বেরা।
Truth of Bengal: রাজ্যে প্রথম দফার ভোটের মুখেই নির্বাচন কমিশনের কড়া শাস্তির মুখে পড়লেন নৈহাটি থানার আইসি (IC) মহাবীর বেরা। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে শাসকদলের নেতাকে নিজের গাড়িতে চড়িয়ে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে পদক্ষেপ করল কমিশন। নিরপেক্ষতা ভঙ্গের দায়ে ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। প্রথম দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে ব্যারাকপুরের মহকুমা শাসকের দফতরে গিয়েছিলেন। তাঁর সঙ্গেই ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। অভিযোগ ওঠে, অশোকবাবু নিজের ব্যক্তিগত গাড়ি নয়, বরং নৈহাটি থানার আইসি মহাবীর বেরার সরকারি গাড়িতে চেপে দফতরে পৌঁছান। ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়ি থেকে নামছেন তৃণমূল নেতা, আর চালকের আসনে স্বয়ং আইসি।
The @ECISVEEP is trying very hard to ensure that the @WBPolice performs in a very impartial manner but the habit is habit.
Ashok Chatterjee, the Chairman of Naihati Municipality and a leader of @AITCofficial in Naihati gets down from a Police vehicle at the SDO office in… pic.twitter.com/WamZTLdTzr
— Arjun Singh (@ArjunsinghWB) April 6, 2026
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আগুনের মতো ছড়িয়ে দেন বিজেপি নেতা অর্জুন সিং। পুলিশ-প্রশাসনের অতিসক্রীয়তা নিয়ে সরব হয়ে অর্জুন দাবি করেন, “নির্বাচন কমিশন খুব চেষ্টা করছে যাতে বাংলার পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে। কিন্তু অভ্যাস অভ্যাসই থাকে। যে গাড়িটি থেকে নৈহাটি পুরসভার চেয়ারম্যান নামছেন, সেটি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ব্যবহার করে থাকে।” এই পোস্টে সরাসরি কমিশনকে ট্যাগ করে অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান তিনি।
বিজেপির এই অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর কমিশন রাতেই কড়া সিদ্ধান্ত নেয়। আইসি মহাবীর বেরাকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ জারি করা হয়েছে। ভোটের মুখে পুলিশের এই ‘দলদাসের’ ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনের আগে এই ঘটনা ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।






