স্বামীর অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অহনা দত্ত
গত ৫ এপ্রিল বিকেলে হাসপাতালের বেড থেকে একটি ছবি শেয়ার করে অহনা জানান যে, তাঁরা এখন বিপন্মুক্ত।
Truth Of Bengal: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্তের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। অভিনেত্রীর স্বামী দীপঙ্করের আকস্মিক অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁদের অসংখ্য অনুরাগী। তবে আপাতত স্বস্তির খবর হলো, বড়সড় বিপদ কেটে গিয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তিনি। গত ৫ এপ্রিল বিকেলে হাসপাতালের বেড থেকে একটি ছবি শেয়ার করে অহনা জানান যে, তাঁরা এখন বিপন্মুক্ত। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “চিন্তার কিছু নেই, আমরা বাড়ি ফিরছি। তবে লড়াই এখনও অনেক বাকি।” এই কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন।
একটি ভিডিও বার্তায় এই ভয়াবহ অভিজ্ঞতার কথা বিস্তারিত জানিয়েছেন অহনা। তিনি জানান, শুটিং চলাকালীন হঠাৎ দীপঙ্করের ফোন পান এবং জানতে পারেন তাঁর প্রবল শ্বাসকষ্ট হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে অহনার শ্বশুরমশাই দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান, যেখানে প্রাথমিক চিকিৎসা হিসেবে অক্সিজেন দেওয়া হয়। খবর পেয়েই শুটিং ফ্লোর ছেড়ে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছান অহনা। সেখানে দেখা যায় দীপঙ্করের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক; রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক কমে যাওয়ার পাশাপাশি রক্তচাপেরও ব্যাপক ওঠানামা শুরু হয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাঁকে অন্য একটি হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।
আইসিইউ-তে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন দীপঙ্কর। নিজের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন তিনিও; তাঁর মতে, পরিস্থিতি এতটাই জটিল ছিল যে যেকোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে পরিবারের সাহচর্য এবং চিকিৎসকদের তৎপরতায় তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন। এই ঘটনায় অনুরাগীদের থেকে প্রচুর ভালোবাসা ও সমর্থন পেয়েছেন এই তারকা দম্পতি। উল্লেখ্য, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া অহনা বর্তমানে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে কাজ করছেন। পাশাপাশি রাজ চক্রবর্তীর ‘সন্তান’ ছবিতেও মিঠুন চক্রবর্তী ও ঋত্বিক চক্রবর্তীর মতো মহাতারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন তিনি।



