কেজরিওয়ালের সঙ্গে সংঘাত চরমে! পদ হারিয়েই কি বিদ্রোহী রাঘব চাড্ডা?
হয়তো এভাবে আমার মুখ বন্ধ করা যাবে, কিন্তু থামানো যাবে না।’
Truth of Bengal: রাজ্যসভায় আম আদমি পার্টির ডেপুটি লিডারের পদ খোয়ানোর পর সরাসরি দলীয় নেতৃত্ব, বিশেষ করে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করলেন রাঘব চাড্ডা। শুক্রবার সোশাল মিডিয়ায় পোস্ট ও ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করে চাড্ডা বলেন, ‘মানুষের সমস্যার কথা বলি, আম আদমির স্বার্থে সরব হই, সেজন্যই কি আমার কণ্ঠরোধ করা হল? হয়তো এভাবে আমার মুখ বন্ধ করা যাবে, কিন্তু থামানো যাবে না।’
গত কয়েক মাসে সংসদে একাধিক জনস্বার্থ ইস্যু তুলে ধরে রাঘব চাড্ডা সোশাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন। গিগ কর্মীদের অধিকার, টেলিকম সংস্থাগুলির রিচার্জ বৃদ্ধি, টোল প্লাজার অনিয়ম, ব্যাঙ্ক চার্জ, মধ্যবিত্তের কর সমস্যা থেকে শুরু করে খাবারে ভেজাল, এয়ারপোর্টে খাবারের অতিরিক্ত দাম— একাধিক বিষয়ে সংসদে প্রশ্ন তুলেছেন তিনি। চাড্ডার দাবি, এই বিষয়গুলিতে তিনি সরব হওয়ার পর সরকারও দ্রুত কিছু ক্ষেত্রে পদক্ষেপ করেছে। আর তাতেই সাধারণ মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। তবে দলীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই দলের অন্দরমহলে কোণঠাসা ছিলেন রাঘব। এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার রাজ্যসভায় দলের ডেপুটি লিডার পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। আপের তরফে রাজ্যসভার সেক্রেটারিয়েটকে চিঠি দিয়ে জানানো হয়, রাঘব চাড্ডার বদলে দলের নতুন ডেপুটি লিডার হবেন অশোক মিত্তল। পাশাপাশি দলীয় সময় বরাদ্দের মধ্যে রাঘবকে যেন সংসদে কথা বলার সুযোগ না দেওয়া হয়— এমন আবেদনও করা হয়েছে বলে অভিযোগ।
এই সিদ্ধান্তের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন চাড্ডা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, ‘আমায় যখন যখন পার্লামেন্টে বলার সুযোগ দেওয়া হয়েছে, তখন আমি জনতার কথা বলি। এমন বিষয়ে কথা বলি যেগুলি সাধারণভাবে সংসদে তোলা হয় না। কিন্তু জনতার ইস্যুতে কথা বলা কি অপরাধ?’ তিনি আরও বলেন, ‘আমার স্তব্ধতাকে হেরে যাওয়া ভাববেন না।’ চাড্ডার অভিযোগ, দল তাঁকে সংসদে মুখ খুলতে বাধা দিতে চাইছে। অথচ তিনি প্রতিবার সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলি নিয়েই কথা বলেছেন। তাঁর বক্তব্য, এসব প্রশ্ন তোলার ফলে সাধারণ মানুষের কিছুটা হলেও উপকার হয়েছে। কিন্তু এতে দলের কী ক্ষতি হয়েছে— সেই প্রশ্নও তোলেন তিনি। পরিশেষে সাধারণ মানুষের উদ্দেশে তিনি আবেদন করেন, ‘আপনারা আমায় সাপোর্ট দিন। আমি আপনাদের জন্যই রয়েছি।’ এই ঘটনার পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, রাঘব চাড্ডা কি দল বদলের পথে হাঁটছেন? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চাড্ডা বা আপ নেতৃত্বের তরফে কোনও নিশ্চিত ইঙ্গিত মেলেনি।






