আন্তর্জাতিক

সামরিক মহড়ার মাঝেই ক্রিমিয়ায় ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, মৃত ২৯

তবে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Truth Of Bengal: সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী বিমান এএন-২৬। বুধবার সকালে ক্রিমিয়ার একটি খাড়া পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বিমানটি। এই ঘটনায় বিমানে থাকা ২৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে পাইলট-সহ ৬ জন ক্রু সদস্য ছিলেন, বাকিরা যাত্রী। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রকের উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ২৯ জনকে নিয়ে নিয়মিত প্রশিক্ষণ মহড়ার উদ্দেশ্যে উড়েছিল বিমানটি। তবে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপরই খবর আসে ক্রিমিয়ার কাছে একটি পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছে বিমানটি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। দুর্ঘটনার পর ইউক্রেন যুদ্ধের আবহে জল্পনা তৈরি হয়, এটি নিছক দুর্ঘটনা নাকি বিমানটিতে হামলা হয়েছিল। যদিও রাশিয়ার সেনা সূত্রে সেই জল্পনা খারিজ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা ঘটতে পারে। সেনার তরফে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। একটি সূত্রের দাবি অনুযায়ী, বিমানটিতে কোনও মিসাইল বা ড্রোন হামলা হয়নি।এমনকি পাখির সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনাও নাকচ করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই মিলিটারি কমিশনের সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এএন-২৬ বিমানটি সর্বোচ্চ ৪০ জন যাত্রী এবং মাল বহনে সক্ষম। ১৯৬০ সাল থেকে সামরিক ও অসামরিক পরিবহণে এই বিমান ব্যবহৃত হয়ে আসছে। ছোট ও মাঝারি দূরত্বে যাতায়াতের জন্য রাশিয়ার সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই বিমান। তবে গত কয়েক বছরে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে এএন-২৬। ২০২০ সালে ইউক্রেনের খারকিভে প্রশিক্ষণ চলাকালীন এএন-২৬ ভেঙে পড়ে প্রাণ হারান ২৭ জন। একই বছরে দক্ষিণ সুদানেও দুর্ঘটনায় পাঁচ রুশ নাগরিক-সহ মোট ৮ জনের মৃত্যু হয়। ২০১৭ সালে আইভরি কোস্টেও এএন-২৬ দুর্ঘটনায় ৪ জন মারা যান। ২০২২ সালেও ইউক্রেনের জাপোরিজহিয়া অঞ্চলে এই ধরনের দুর্ঘটনার ঘটনা সামনে এসেছিল। বারবার দুর্ঘটনার জেরে এই বিমানগুলির নিরাপত্তা ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

Related Articles