রাজ্যের খবর

বোনের নাম আছে, নেই ৫ দাদার! কাকদ্বীপের রামগোপালপুরে ১৩০০ ভোটারের নাম উধাও

ওই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় ১৩০০ ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি উঠেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা নিয়ে চরম বিভ্রান্তি ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রথম খসড়া তালিকায় যাঁদের নাম ছিল, দ্বিতীয় খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে সেই নামগুলোর একটি বড় অংশ উধাও হয়ে গিয়েছে। ওই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় ১৩০০ ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি উঠেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, একই পরিবারের সদস্যদের নামের ক্ষেত্রে চরম অসঙ্গতি দেখা গিয়েছে। রামগোপালপুরের মাঝি পরিবারের উদাহরণ টেনে স্থানীয়রা জানাচ্ছেন, পরিবারের ছোট বোনের নাম তালিকায় থাকলেও পাঁচ দাদার নাম বাদ পড়েছে। কোথাও আবার ছেলের নাম থাকলেও বাবার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটার তালিকার এই নজিরবিহীন গরমিলের জেরে অনেক পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছেন। মাঝি পরিবারের সদস্যরা আতঙ্কে ও দুশ্চিন্তায় কান্নায় ভেঙে পড়েছেন এবং তাঁদের এক সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে।

ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ওই এলাকার সাধারণ মানুষ এখন দিশেহারা। গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম ভিত্তি হলো সঠিক ভোটার তালিকা, কিন্তু সেখানে এই ধরনের বড়সড় ত্রুটি কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই সমস্যার সমাধান করে বৈধ ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে ভোটার তালিকার এই ত্রুটি সংশোধন নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন রামগোপালপুরের কয়েক হাজার আতঙ্কিত ভোটার। ভোটের আগে এই ইস্যু ওই এলাকার রাজনৈতিক পরিস্থিতিকেও উত্তপ্ত করে তুলেছে।

Related Articles