কলকাতা

ঈদ কাটিয়ে সোমবার থেকে ‘সাপ্লিমেন্টারি তালিকা’ প্রকাশ হওয়ার সম্ভাবনা

শেষ পর্যন্ত প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা?

Truth Of Bengal: নির্বাচন কমিশন সূত্রে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এই তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হলো না। কিছুটা সংশয় আছে। ফের অনিশ্চয়তা। শেষ পর্যন্ত প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা?

বুথ ভিত্তিক তালিকা এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি। এখনো পর্যন্ত ২৫ হাজারের কিছু বেশি বুথ ভিত্তিক তালিকা প্রস্তুত হয়েছে। বর্তমানে রাজ্যে ৮০,৬৮১ টি বুথ। “যদি তালিকা এসে যায় তাহলে প্রকাশ করা হবে” জানালেন নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক। বিচারাধীন ভোটারদের ভাগ্য কবে সঠিকভাবে নির্ধারিত হবে সেই প্রশ্নের উত্তর কমিশনের কাছে অধরা। ৬০ লক্ষ্যের বেশি মানুষ বিচারাধীন অবস্থায় রয়েছেন।

তবে আগামী সোমবার বিকেল থেকেই এই তালিকা ধীরে ধীরে প্রকাশিত হবে বলেই নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১৯ জন প্রাক্তন বিচারপতিকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে।ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ পড়া সংক্রান্ত অভিযোগের শুনানি করবে এই ট্রাইব্যুনালগুলি।কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, দার্জিলিং, মুর্শিদাবাদ-সহ সব জেলাই এই ব্যবস্থার আওতায়।

ভোটার তালিকা প্রকাশের পরেই আবেদনকারীরা আপিল করতে পারবেন। আপিল করা যাবে অনলাইনে (ECI NET) অথবা জেলাশাসক, মহকুমাশাসক অফিসে সরাসরি গিয়ে। সমস্ত আপিল নিষ্পত্তি হয়ে গেলে ট্রাইব্যুনালগুলির কার্যকাল শেষ হবে। শুক্রবার বিকেলে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন।

Related Articles