আইপিএলের আগে নতুন নিয়ম জারি বিসিসিআই-র
টুর্নামেন্টের আগে সব দল যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই ১০টি ফ্র্যাঞ্চাইজিকে কড়া নির্দেশ দিল বিসিসিআই।
Truth of Bengal: ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। টুর্নামেন্টের আগে সব দল যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই ১০টি ফ্র্যাঞ্চাইজিকে কড়া নির্দেশ দিল বিসিসিআই।
রিপোর্ট অনুযায়ী, অনুশীলনের সময় কোনও দল প্রতিপক্ষের ব্যবহৃত নেটে প্র্যাকটিস করতে পারবে না। প্রত্যেক দলের জন্য আলাদা নতুন নেটের ব্যবস্থা করতে হবে। একই সময়ে অনুশীলন হলেও অন্য দলের নেট ব্যবহার করা যাবে না, এমনকি থ্রো-ডাউন প্র্যাকটিসের ক্ষেত্রেও এই নিয়ম মানতে হবে।
এছাড়া কোনও দল নির্ধারিত সময়ের আগেই অনুশীলন শেষ করলেও অন্য দল তাদের ‘রেঞ্জ-হিটিং’ উইকেট ব্যবহার করতে পারবে না। পিচ ব্যবহারের ক্ষেত্রেও কড়া নিয়ম আনা হয়েছে। কোনও দলের প্রথম হোম ম্যাচের চার দিন আগে থেকে মূল পিচে অনুশীলন বা প্র্যাকটিস ম্যাচ করা যাবে না। এই সময় অনুশীলনের জন্য বিকল্প মাঠের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থা, এবং এর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলির কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।






