পরিবর্তন যাত্রায় সভামঞ্চে ভিড়, দর্শকের আসন খালি
রাজ্য সরকারের বিভিন্ন খামতি তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা, তুলে ধরছেন নানা ইস্যু।
Truth Of Bengal: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তন যাত্রা করছে বিজেপি। দিল্লি থেকে ও অন্য রাজ্য থেকে কেন্দ্রীয় স্তরের নেতৃত্বরা আসছেন বঙ্গে। রাজ্যে সরকার পরিবর্তনের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টির বঙ্গ ব্রিগেড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে জেপি নাড্ডা, নিতিন নবীন যেমন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের সঙ্গে পরিবর্তন যাত্রায় পা মিলিয়ে ঘুরে বেড়াচ্ছেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়রাও।
রাজ্য সরকারের বিভিন্ন খামতি তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা, তুলে ধরছেন নানা ইস্যু। কিন্তু মিল থেকে যাচ্ছে একটা জায়গায় – পরিবর্তন সভায় জনসমাগম হচ্ছে না খুব একটা। হেভিওয়েট নেতা-নেত্রীরা বক্তৃতা দিচ্ছেন, কিন্তু সামনের চেয়ার খালি পড়ে রয়েছে। সারি সারি শূন্য আসনের উল্টোদিকে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন বিজেপি নেতারা।
সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এরকমই একটি সভার ছবি সামনে এসেছিল। সেখানেও দেখা গিয়েছিল সভামঞ্চের পাশে দাঁড়িয়ে গেরুয়া রঙে রাঙানো রথ-সদৃশ গাড়ি, বড়সড় মঞ্চে উপবিষ্ট বিজেপি নেতৃত্ব – কিন্তু যখন বিজেপি নেতা বক্তৃতা দিচ্ছেন, তখন সামনে বসে হাতে গোনা মাত্র কিছু লোক, বেশিরভাগ চেয়ারই খালি। ঠিক একই ছবি এবার ধরা পড়ল মেদিনীপুরে। পরিবর্তন সভায় বক্তব্য রাখছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, আর তাঁর সামনে বসে রয়েছেন গুটিকয়েক মানুষ। আর সেই সঙ্গে দৃশ্যমান সারি সারি নীল-সবুজ খালি চেয়ার। আশেপাশে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে কিছু মানুষ, তবে তাঁদের কারওরই মন নেই শমীক ভট্টাচার্যের বক্তব্যে। আদৌ সাধারণ মানুষ কতটা মন দিচ্ছেন বিজেপির পরিবর্তন যাত্রায়, কতটাই বা জনসমর্থন রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের – তা নিয়েই সংশয় তৈরি হচ্ছে এই সব ছবিতে।






