পুলিশি অভিযানে উদ্ধার খোয়া যাওয়া একাধিক মোবাইল, গ্রেফতার দুই
জানা গিয়েছে, সুতি থানার আইসি তন্ময় ভকতের নেতৃত্বে এসআই মহম্মদ সাহাজাহান ও তাঁর টিম গোপন সূত্রে খবর পেয়ে সুতির মদুপুর বটগাছতলা এলাকায় অভিযান চালায়।
Truth Of Bengal: কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের অভিযানে বড় সাফল্য মিলল। চুরি যাওয়া মোট ১২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুতি থানার আইসি তন্ময় ভকতের নেতৃত্বে এসআই মহম্মদ সাহাজাহান ও তাঁর টিম গোপন সূত্রে খবর পেয়ে সুতির মদুপুর বটগাছতলা এলাকায় অভিযান চালায়।
সেখান থেকেই ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া মোবাইলগুলি। উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে ১৯টি আইফোন সহ বিভিন্ন নামী ব্র্যান্ডের ফোন রয়েছে। ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন জানান, ধৃতদের নাম মহম্মদ সাকিল ওরফে জামরুল (৩১) এবং নোরং বাদশা ওরফে উসে (১৯)।
তারা দুজনেই মুর্শিদাবাদের সুতি এলাকার বাসিন্দা।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিভিন্ন এলাকা থেকে চুরি করা মোবাইল ফোন সংগ্রহ করে রাখা হয়েছিল। সেগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল বলে অনুমান পুলিশের। ধৃতদের বিরুদ্ধে সুতি থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ।






