বসন্তেই বৈশাখের মেজাজ! এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়বে পারদ
বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী।
Truth Of Bengal: রাজ্যের আবহাওয়া থেকে শীতের শেষ রেশটুকুও এখন বিদায় নেওয়ার পথে। ভোরের দিকে সামান্য শিরশিরানি অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদের দাপটে তা দ্রুত মিলিয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গজুড়ে গরমের আমেজ পুরোদমে জেঁকে বসতে চলেছে।
বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বর্তমানে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রেকর্ড করা হচ্ছে।
মার্চের দ্বিতীয় দিনেই দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে, যা গরমজনিত অস্বস্তি বাড়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আপাতত পারদ নামার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে, উত্তরবঙ্গের ছবিটা কিছুটা আলাদা হলেও সেখানেও বৃষ্টির সম্ভাবনা কমে এসেছে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে, যার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।






