রঞ্জি জিতে ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর
প্রথম ইনিংসে কর্নাটকের একমাত্র প্রতিরোধ ছিলেন ময়ঙ্ক আগরওয়াল, যিনি ১৬০ রান করেন।
Truth Of Bengal: রঞ্জি ট্রফিতে প্রথমবার দেশের সেরা হল জম্মু ও কাশ্মীর। ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে দুই ইনিংসেই ব্যাট হাতে ঝড় ঝড় তোলেন অজয় শর্মার ছাত্ররা। প্রথম ইনিংসে জম্মু-কাশ্মীর ৫৮৪ রান সংগ্রহ করে, যেখানে সেঞ্চুরি করেন শুভম পুণ্ডির। কঠিন ম্যাচে ব্যাটাররা দলকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দেন। এরপর বোলাররা সুযোগকে কাজে লাগিয়ে দলকে চ্যাম্পিয়ন করেই মাঠ ছাড়েন।
প্রথম ইনিংসে কর্নাটকের একমাত্র প্রতিরোধ ছিলেন ময়ঙ্ক আগরওয়াল, যিনি ১৬০ রান করেন। তাদের প্রথম ইনিংস শেষ হয় ২৯৩ রানে। আকিব নবি নেন ৫৪ রানে পাঁচ উইকেট। এবারের রঞ্জিতে ৬০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরাও এই পেসার। পঞ্চম দিনে জম্মু ও কাশ্মীরের কামরান ইকবাল ও সাহিল লোতরা সেঞ্চুরি পূর্ণ করেন। ৪ উইকেট হারিয়ে ৩৪২ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করার পরই জম্মু ও কাশ্মীর নিশ্চিত করে প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি জয়।
ম্যাচ শেষে পরশ ডোগরা-সহ ক্রিকেটাররা ভাংরা নাচ শুরু করেন, গ্যালারিতে আনন্দে উদ্দীপ্ত হন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।
সংক্ষিপ্ত স্কোর:
জম্মু ও কাশ্মীর প্রথম ইনিংস: ৫৮৪ রান
কর্ণাটক প্রথম ইনিংস: ২৯৩ রান
জম্মু ও কাশ্মীর দ্বিতীয় ইনিংস: ৩৪২/৪ ডিক্লেয়ার






