রাজ্যের খবর

বালুরঘাটের নাট্যজগতে নয়া বিপ্লব! হরিমাধব মুখোপাধ্যায়ের স্মৃতিতে তৈরি হল অত্যাধুনিক মুক্তমঞ্চ

শহরের নাট্যদলগুলির দীর্ঘদিনের দাবি ছিল একটি ওপেন স্পেস মঞ্চের

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: বালুরঘাটের নাট্যজগতে এক নতুন সংযোজন। প্রয়াত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের স্মৃতিতে নামাঙ্কিত মুক্তমঞ্চ তৈরি করেছে বালুরঘাট পৌরসভা। শহরের নাট্যদলগুলির দীর্ঘদিনের দাবি ছিল একটি ওপেন স্পেস মঞ্চের। সেই অভাব এবার অনেকটাই মিটতে চলেছে।সোমবার দুপুরে সদ্য নির্মিত এই মুক্তমঞ্চের কাজকর্ম খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করেন মিনার্ভা নাট্য চর্চা কেন্দ্রের সহ-সভাপতি ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য, নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান মুনমুন কর এবং এমসিআইসি মহেশ পারখ।

মঞ্চের কাঠামো, পরিকাঠামো এবং ভবিষ্যতে কী কী সংযোজন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় পরিদর্শনের সময়। কোন দিক থেকে আলো, বসার ব্যবস্থা বা রিহার্সালের সুবিধা আরও উন্নত করা যায়, সে সব বিষয়ও খুঁটিয়ে দেখা হয়।এই প্রসঙ্গে অর্পিতা ঘোষ বলেন, “এটা শুধু একটি মঞ্চ নয়, মাধবদার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। বালুরঘাটে এতদিন কোনও মুক্তমঞ্চ ছিল না। সেই দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এখানকার প্রায় সব নাট্যদল ও নির্দেশকদের আমি চিনি। তাঁদের সঙ্গে বসেই ঠিক করা হবে, আর কী কী যোগ করা যায়।”তিনি আরও জানান, কাজ প্রায় শেষের পথে। “যদি ২৬ বা ২৭ তারিখের মধ্যে নির্দেশকদের সঙ্গে বৈঠক করা যায়, তাহলে মার্চের প্রথম সপ্তাহেই উদ্বোধন করা সম্ভব। খুব বেশি কাজ বাকি নেই।”

নাট্যকর্মীদের মতে, এই মুক্তমঞ্চ শুধু মঞ্চায়নের জন্য নয়, নিয়মিত রিহার্সালের ক্ষেত্রেও বড় সহায়ক হবে। সব সময় ভাড়া দিয়ে হল বুক করা সম্ভব নয়। সেই জায়গায় এই ওপেন স্পেস মঞ্চ নাট্যদলগুলির চর্চার নতুন ভরসা হয়ে উঠবে বলেই আশা।