অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কা বধ! টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের রূপকথা
২৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংসে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি
Truth of Bengal: চলতি টি-২০ বিশ্বকাপে রীতিমতো চমক ছড়াচ্ছে জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকেও হারিয়ে দিল সিকান্দার রাজার দল। কলম্বোয় ৬ উইকেটের জয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবেই পরের পর্বে জায়গা করে নিল তারা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তোলে ৭ উইকেটে ১৭৮ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে জিম্বাবোয়ে। তবে মাঝপথে কিছুটা চাপ তৈরি হয়। ৫০ বলে ৮১ রান প্রয়োজন এমন অবস্থায় দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক সিকান্দার রাজা। ২৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংসে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি।
রাজা আউট হওয়ার সময় জিম্বাবোয়ের দরকার ছিল ১০ বলে ১২ রান। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৮ রান। মহেশ তিকশানার প্রথম বলেই টনি মুনিওঙ্গার ছক্কা জয়ের পথ প্রায় নিশ্চিত করে দেয়। ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে জিম্বাবোয়ে। টি-২০ ক্রিকেটে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। অধিনায়কের পাশাপাশি ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ব্রায়ান বেনেট। ৪৮ বলে অপরাজিত ৬৩ রান করেন তিনি। আগের ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন অপরাজিত। ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ২৬ বলে ৩৪ এবং রায়ান বার্ল ১২ বলে ২৩ রানের কার্যকর ইনিংস খেলেন।
শ্রীলঙ্কার ইনিংসে আলো ছড়ান পাতুম নিশাঙ্কা। ৬২ রানের ইনিংসে দ্রুত সূচনা এনে দিলেও মাঝের ওভারে রান তোলার গতি কমে যায়। প্রথম ৬ ওভারে ৬১ রান তুললেও পরের সময়টায় ছন্দ হারায় তারা। শেষ দিকে কিছুটা গতি এলেও বড় সংগ্রহ গড়া হয়নি। জিম্বাবোয়ের লেগ স্পিনার গ্রায়েম ক্রিমার ২৭ রানে ২ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৭৮/৭ (নিশাঙ্কা ৬২, রত্নানায়েকে ৪৪; ক্রিমার ২/২৭, ইভান্স ২/৩৫)
জিম্বাবোয়ে: ১৯.৩ ওভারে ১৮২/৪ (বেনেট ৬৩, রাজা ৪৫; হেমন্ত ২/৩৬, শানাকা ১/২৬)
ফল: জিম্বাবোয়ে ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সিকান্দার রাজা






