এ যেন অন্য অনুষ্কা! মায়ানগরীর চাকচিক্য ভুলে সাত্ত্বিক জীবনধারায় অনুষ্কা
তবে এবার আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়া তাঁর গলার তুলসীর মালাটি বিশেষভাবে নজর কেড়েছে অনুরাগীদের।
Truth of Bengal: গ্ল্যামার জগত থেকে সাময়িক দূরত্ব বজায় রাখলেও খবরের শিরোনামে বরাবরই থাকেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। তবে ইদানীং তাঁর চর্চায় থাকার কারণ কোনো নতুন সিনেমা নয়, বরং তাঁর জীবনযাপনে আসা আমূল আধ্যাত্মিক পরিবর্তন। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে স্বামী বিরাট কোহলির সঙ্গে দেখা যায় তাঁকে। সাদা-নীল সুতির সাধারণ চুড়িদার এবং চোখে রোদচশমায় অনুষ্কাকে বরাবরের মতোই স্নিগ্ধ দেখাচ্ছিল। তবে এবার আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়া তাঁর গলার তুলসীর মালাটি বিশেষভাবে নজর কেড়েছে অনুরাগীদের।
গত কয়েক মাস ধরেই অনুষ্কাকে নিয়মিত এই তুলসীর মালা পরে থাকতে দেখা যাচ্ছে। আধ্যাত্মিক মহলে প্রচলিত রয়েছে যে, যারা গলায় তুলসীর মালা ধারণ করেন, তাঁদের জীবনযাপনে বেশ কিছু কঠোর নিয়ম মেনে চলতে হয়। সাধারণত আমিষ খাবার, পেঁয়াজ, রসুন এমনকি মদ্যপান থেকেও তাঁদের দূরে থাকতে হয়। অনুষ্কার গলার এই মালা দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি ‘রব নে বনা দি জোড়ি’-র অভিনেত্রী এখন পুরোপুরি নিরামিষাশী এবং সাত্ত্বিক জীবনধারা বেছে নিয়েছেন? যদিও এই বিষয়ে অভিনেত্রী নিজে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি।
This is how Bollywood is changing!
Anushka Sharma spotted wearing a Tulsi mala which is a sacred Hindu symbol. What is important is that she is wearing it fearlessly.
Actresses once used to hide their Dharma, now Sanatan shining bright in the industry.
Liberals will cry hard… pic.twitter.com/ab8gAzb6Ch
— Chota Don (@choga_don) February 16, 2026
অনুষ্কা ও বিরাটের আধ্যাত্মিক ঝোঁক যে বাড়ছে, তার প্রমাণ মিলেছে গত বছর ডিসেম্বরে তাঁদের বৃন্দাবন সফরে। সেখানে প্রখ্যাত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়ে নিজেদের সমর্পণ করেছিলেন এই তারকা দম্পতি। গুরুর সামনে তাঁদের ভক্তিপূর্ণ আচরণ এবং রাধানাম জপের প্রতি আগ্রহ দেখে স্পষ্ট যে, যান্ত্রিক জীবন থেকে দূরে মানসিক শান্তির খোঁজ করছেন তাঁরা। অনুষ্কা বর্তমানে প্রায়ই প্রেমানন্দ মহারাজের সৎসঙ্গে অংশ নেন এবং আধ্যাত্মিক চর্চায় মগ্ন থাকেন।
দীর্ঘদিন পর্দায় অনুপস্থিতি নিয়ে অনুরাগীদের মনে আক্ষেপ থাকলেও অনুষ্কা তাঁর বর্তমান জীবন নিয়েই সুখী বলে মনে হচ্ছে। ২০১৮ সালে ‘জিরো’ ছবির পর তাঁকে আর বড় পর্দায় দেখা যায়নি। ঝকঝকে রুপোলি পর্দার হাতছানি ছেড়ে তিনি কি তবে স্থায়ীভাবে আধ্যাত্মিকতাকেই আপন করে নিলেন? উত্তর এখনও অজানা থাকলেও, তাঁর এই শান্ত ও মার্জিত রূপ ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে। পেশাদার জীবনের ব্যস্ততা সরিয়ে জীবনকে নতুনভাবে চেনার এই লড়াইয়ে অনুষ্কা এখন অন্য এক পথের পথিক।






