‘এ যেন ম্যায় হু না বাজেট’ অধিবেশনে রাজ্য বাজেট নিয়ে বক্তব্য অশোক লাহিড়ীর
কেন্দ্রীয় বাজেটকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘হামটি ডামটি বাজেট’ বলে আক্রমণ করেছিলেন, সেই প্রসঙ্গ টেনে অশোক লাহিড়ী বলেন, “হামটি ডামটি বাজেট কথাটার কোনও মানে আমি ইংরেজি অভিধানে খুঁজে পাইনি।
Truth Of Bengal: রাজ্য বাজেট নিয়ে বিধানসভায় তীব্র কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক ও প্রাক্তন অর্থমন্ত্রী অশোক লাহিড়ী। জবাবি ভাষণে তিনি বলেন, “বহুদিন ধরে বাজেট নিয়ে ঘাঁটাঘাঁটি করছি। বাজেট অত্যন্ত নিরস বিষয়। কিন্তু মাননীয়া অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন, তা একেবারেই সরস বাজেট।”কেন্দ্রীয় বাজেটকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘হামটি ডামটি বাজেট’ বলে আক্রমণ করেছিলেন, সেই প্রসঙ্গ টেনে অশোক লাহিড়ী বলেন, “হামটি ডামটি বাজেট কথাটার কোনও মানে আমি ইংরেজি অভিধানে খুঁজে পাইনি।
যদি ভাল অর্থে বলা হয়ে থাকে, তাহলে ভাল। আর যদি খারাপ অর্থে বলা হয়ে থাকে, তাহলে খারাপ। তবে আমি রাজ্য সরকারের পেশ করা এই বাজেটকেই হামটি ডামটি বাজেট বলছি।”বাজেটের আকার ও উপস্থাপনা নিয়েও সরকারকে বিঁধে তিনি বলেন, “একটা বিপুল নথি দিয়ে আমাদের হকচকিয়ে দেওয়া হচ্ছে। সরকারের মনোভাব ‘ম্যায় হুঁ না’— এমনটাই মনে হচ্ছে।”
অশোক লাহিড়ীর বক্তব্য চলাকালীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক উদয়ন গুহ একাধিক টিপ্পনী করেন। সেই সময় বক্তব্য থামিয়ে অশোক লাহিড়ী বলেন, “আপনি বলুন, ‘ম্যায় হুঁ না’।” এরপরই অধিবেশন কক্ষে উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, “ওকে এবার হারাব। ও গুণ্ডা। বাবাকে চোর বলে।” পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী অরূপ বিশ্বাস হস্তক্ষেপ করে দুই পক্ষকেই শান্ত করেন।এরপর রাজ্যপালের ভাষণের প্রসঙ্গ টেনে অশোক লাহিড়ী বলেন, “রাজ্যপালের ভাষণ থেকে জানলাম, রাজ্যে ৯৪টি প্রকল্প রয়েছে। সরকারের এত প্রকল্প যে ঠিকমতো গুনে ওঠা যায় না। এত প্রকল্প যে এরপর না গিনেস বুকেই নাম উঠে যাবে। আমার পরামর্শ, একটা পুস্তিকা প্রকাশ করুন। মানুষ জানতে পারবে, কাদের জন্য কোন প্রকল্প।”






