সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গন পাবে আধুনিক রূপ
রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানকে ঘিরে দুর্গাপুর শহরজুড়ে ছিল বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।
Truth Of Bengal: সনাতন গরাই, দুর্গাপুর: শিল্পনগরী দুর্গাপুরে এবার আরম্ভ হতে চলেছে ক্রিকেটের নতুন অধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ভগৎ সিং ক্রীড়াঙ্গন পাবে আধুনিক রূপ। দায়িত্ব নিল সিএবি-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। খুশির হাওয়া ক্রীড়াপ্রেমীদের মধ্যে। দুর্গাপুর নগর নিগমের অধীন ভগৎ সিং ক্রীড়াঙ্গনের পরিকাঠামোগত উন্নয়নের সমস্ত খরচ বহন করবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। দুর্গাপুরে ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত স্পোর্টস কার্নিভালে যোগ দিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন সিএবি-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানকে ঘিরে দুর্গাপুর শহরজুড়ে ছিল বাড়তি উৎসাহ ও উদ্দীপনা। ভগৎ সিং ক্রীড়াঙ্গন চত্বর ভরে ওঠে ক্রীড়াপ্রেমী মানুষ, ক্লাবকর্তা ও তরুণ খেলোয়াড়দের উপস্থিতিতে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে থেকে দেখার পাশাপাশি তাঁর মুখে দুর্গাপুরের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে আশ্বাস শোনার অপেক্ষায় ছিলেন সকলেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ক্লাব সমন্বয়ের প্রতিনিধি সন্দীপ দে সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠকরা।
মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে জানান, ভগৎ সিং ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ নিয়ে সিএবি সম্পূর্ণভাবে আশাবাদী। তিনি বলেন, ‘এই মাঠের পরিকাঠামো অনেক বড়। ভবিষ্যতে এখান থেকে আরও বেশি করে ক্রিকেটার উঠে আসুক, সেটাই আমাদের লক্ষ্য। ক্রিকেট খেলার জন্য যে যে পরিকাঠামো দরকার সব কিছু আমরা তৈরি করে দেব। আমি সিএবির সভাপতি হিসাবে এই আশ্বাস দিচ্ছি। এর জন্য কোনও অর্থ লাগবে না। সম্পূর্ণ খরচ বহন করবে সিএবি। দুর্গাপুরের ক্রিকেটকে আমরা জাতীয় স্তরে তুলে ধরতে চাই।’






