‘বাংলার বাড়ি’ দ্বিতীয় পর্যায়ের টাকা দেওয়া শুরু, খুশি সিউড়ির উপভোক্তারা
পরিবার পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা তুলে দেওয়া হল তাঁদের হাতে।
পার্থ দাস, সিউড়ি: হুগলির সিঙ্গুরে প্রশাসনিক মঞ্চ থেকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে উপভোক্তাদের হাতে বরাদ্দ টাকা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলার ২০ লক্ষ উপভোক্তা এই সুবিধা পেলেন। পরিবার পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা তুলে দেওয়া হল তাঁদের হাতে।
‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ প্রদান উপলক্ষে সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত করিধ্যা যদুরাই উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশাসনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন জেলার পাশাপাশি সিউড়িতে এই বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা প্রায় ৫৩ হাজার মানুষের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলাশাসক ধবল জৈন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বীরভূমের পুলিশ সুপার আমনদীপ, এক নম্বর ব্লকের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে বীরভূম জেলার সিউড়ি ১ নম্বর ব্লকের প্রাপকরা। কৃষি যন্ত্র সহ বাংলার বাড়ি-র পাট্টা ও একাধিক সুবিধা কর্মসূচির মাধ্যমে মানুষকে তুলে দেওয়া হল।






