বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু দক্ষিণ দিনাজপুরে
এদিন দক্ষিণ দিনাজপুর জেলার ৩১ হাজার উপভোক্তার জন্য বাড়ি নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হয়।
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুর থেকে ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার ৩১ হাজার উপভোক্তার জন্য বাড়ি নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা হয়।
জেলার মুখ্য অনুষ্ঠানটি হয় বালুরঘাট শহরের জেলা প্রশাসনের বালুছায়া সভাগৃহে। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক বালা সুব্রমনিয়ান টি, অতিরিক্ত জেলাশাসক শুভজিৎ মণ্ডল, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা সহ প্রশাসনের আধিকারিকরা। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রমনিয়ান টি জানান, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি ফেজ টু প্রকল্পের সূচনা করেছেন। চলতি বছরে দক্ষিণ দিনাজপুর জেলায় ফেজ ওয়ানে ৪০ হাজারেরও বেশি বাড়ি নির্মাণ সম্ভব হয়েছে। ফেজ টু-তে আরও ৩১ হাজারের বেশি উপভোক্তা বাড়ি পাবেন।’ তিনি আরও জানান, এদিন জেলায় ১১টি পাট্টা বিতরণ করা হয়েছে। পাশাপাশি কৃষিক্ষেত্রে যুক্ত ১১ জন উপভোক্তাকে বিভিন্ন সরকারি সুবিধা তুলে দেওয়া হয়েছে।
প্রশাসনের দাবি, গ্রামীণ ও শহরাঞ্চলের গৃহহীন পরিবারগুলির মাথার ওপর পাকাপাকি ছাদ দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হওয়ায় জেলায় আবাসন প্রকল্পে নতুন গতি এল বলেই মনে করছে প্রশাসন।





