বালুরঘাটে প্রদর্শিত হল ‘লক্ষ্মী এলো ঘরে’
শুভশ্রী গাঙ্গুলী ও অঙ্কুশ হাজরার অভিনয়ে তৈরি এই ছবির দক্ষিণ দিনাজপুর জেলার প্রথম প্রদর্শন অনুষ্ঠিত হল বালুরঘাটের রবীন্দ্র ভবন মঞ্চে।
Truth Of Bengal: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট : পশ্চিমবঙ্গ সরকারের মা-মাটি-মানুষের সরকার গত ১৫ বছরে রাজ্যের মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছে, সেই সাফল্যের কথাই তুলে ধরতে নির্মিত হয়েছে বাংলা সিনেমা ‘লক্ষ্মী এলো ঘরে’। শুভশ্রী গাঙ্গুলী ও অঙ্কুশ হাজরার অভিনয়ে তৈরি এই ছবির দক্ষিণ দিনাজপুর জেলার প্রথম প্রদর্শন অনুষ্ঠিত হল বালুরঘাটের রবীন্দ্র ভবন মঞ্চে।
রবিবার বিকেলে আয়োজিত এই বিশেষ প্রদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা এবং পুরসভার অন্যান্য কাউন্সিলররা। মন্ত্রী বিপ্লব মিত্র প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।এরপর প্রদর্শিত হয় ছবিটি, যেখানে গত ১৫ বছরে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরা হয়েছে।
সিনেমার মাধ্যমে রাজ্যের প্রায় ১১ কোটি মানুষের জন্য নেওয়া উদ্যোগগুলিকে একত্রে উপস্থাপন করা হয়েছে। ছবি প্রদর্শনের শেষে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে গত দেড় দশকে রাজ্য সরকার যে উন্নয়নের পথ চলেছে, এই ছায়াছবি তারই সংক্ষিপ্ত উপস্থাপনা।তিনি আরও বলেন, কেন্দ্রের সাহায্য না পেলেও সদিচ্ছা ও মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে কীভাবে একটি সরকার কাজ করতে পারে, তা মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রীসভা ও সরকারি কর্মচারীদের নিয়ে বাস্তবে করে দেখিয়েছেন। সেই সদিচ্ছারই প্রতিফলন এই তথ্যচিত্রের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।






