মাথার ওপর ছিল ৪৭ লক্ষের পুরস্কার, ওড়িশায় ৭ মহিলাসহ ৯ মাওবাদীর আত্মসমর্পণ
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মসমর্পণকারী ন’জন মাওবাদীর মাথার উপর মোট ৪৭ লক্ষ টাকা পুরস্কার ছিল।
Truth Of Bengal: ওড়িশার নবরংপুর জেলাকে ‘মাওবাদী মুক্ত’ বলে ঘোষণা করল প্রশাসন। শনিবার সাত মহিলা সদস্য-সহ মোট ন’জন মাওবাদী আত্মসমর্পণ করার পরই এই ঘোষণা করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মসমর্পণকারী ন’জন মাওবাদীর মাথার উপর মোট ৪৭ লক্ষ টাকা পুরস্কার ছিল।
এক বিবৃতিতে জেলা পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণের মাধ্যমে নবরংপুর জেলায় মাওবাদী কার্যকলাপের অবসান ঘটল। পুলিশের দাবি, আত্মসমর্পণকারী মাওবাদীরা নবরংপুর জেলা ও ছত্তীশগড়ের ধামতারি এলাকা থেকে তাঁদের কার্যকলাপ পরিচালনা করতেন। অতীতে একাধিক মাওবাদী হামলার সাক্ষী থেকেছে এই জেলা। ২০১১ সালের ২৪ সেপ্টেম্বর বিজেপি বিধায়ক জগবন্ধু মাঝি ও তাঁর দেহরক্ষীর উপর হামলার ঘটনা ঘটেছিল নবরংপুরে।
এর আগেও ২০১০ সালের ১৬ জুলাই রায়গড় ব্লকের কুন্দেই থানায় মাওবাদীদের হামলা হয়। পুলিশ আরও জানিয়েছে, ওড়িশার ৩০টি জেলার মধ্যে বর্তমানে সাতটি জেলায় এখনও মাওবাদী কার্যকলাপ সক্রিয় রয়েছে। ওই জেলাগুলি হল কন্ধমল, কালাহান্ডি, বোলাঙ্গির, মালকানগিরি, কোরাপুট, রায়গড় ও বৌধ। মূলত প্রত্যন্ত ও জঙ্গলঘেরা এলাকাতেই তারা সক্রিয়। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছিলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। নবরংপুরে ন’জন মাওবাদীর আত্মসমর্পণকে সেই লক্ষ্যপূরণের পথে বড় সাফল্য বলে মনে করছে প্রশাসন।






