বিনোদন

দেব-সৌমিত্রিষার পর এবার SIR-এর নোটিস পেলেন মিমি চক্রবর্তী

মিমি জানান, ৩১ জানুয়ারি তিনি শুনানিতে উপস্থিত থাকবেন।

Truth Of Bengal: SIR-এর আওতায় এবার নোটিস পেয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ার জন্য হাজিরা দিতে তাঁকে ডাকা হয়েছে। এর আগে দেব, সৌমিত্রিষা ও অন্যান্য পরিচিত তারকাদের এই প্রক্রিয়ায় ডাকা হয়েছিল। এবার সেই তালিকায় নাম যুক্ত হয়েছে মিমি চক্রবর্তীর।

মিমি জানান, ৩১ জানুয়ারি তিনি শুনানিতে উপস্থিত থাকবেন। তাঁর ভোট যেখানে রয়েছে, কসবা বিধানসভা এলাকায় সম্ভবত সেখানেই হাজিরা দিতে হবে। তিনি আরও জানিয়েছেন, প্রয়োজনীয় সব নথি সঙ্গে নিয়ে হাজির হবেন, কোনও কিছু বাদ থাকবে না।

রাজনীতিতে মিমির যাত্রা এখনও নতুন, কিন্তু প্রভাব যথেষ্ট ছিল। ২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি সক্রিয় রাজনীতিতে পা রাখেন। দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন মিমি, এবং বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে পৌঁছেছিলেন। অভিনয় থেকে রাজনীতিতে তাঁর এই উত্তরণ তখনই নজর কাড়েছিল।

তবে রাজনীতির পথ মসৃণ নয়, তা মিমি নিজেও বুঝেছেন। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্যপদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং ধীরে ধীরে সক্রিয় রাজনীতির বাইরে চলে যান। বর্তমানে সংসদের করিডর নয়, শুটিং ফ্লোরই তাঁর ঠিকানা। সম্প্রতি মুক্তি পেয়েছে মিমি অভিনীত নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবির প্রচারে ব্যস্ত থাকাকালীনই তিনি SIR-এর নোটিস পান।

Related Articles