সরস্বতী পুজোর আবহে ‘কলম উৎসব’, হারিয়ে যাওয়া পেনের টানে মালদায় উপচে পড়া ভিড়
কলম উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের তাপোহরানন্দ মহারাজ।
সরস্বতী পুজোর আবহে হারিয়ে যাওয়া পেনের প্রদর্শনী। যার পোশাকি নাম ‘কলম উৎসব’। শনিবার মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে আয়োজন করা হয় এই প্রদর্শনীর। পেশায় গ্রন্থাগারিক সুবীর সাহা তাঁর কয়েক হাজার কলমের সম্ভার নিয়ে হাজির হন এই উৎসবে। যা দেখতে স্কুলে ছাত্র থেকে অভিভাবকদের ভিড় উপচে পড়ে। কলম উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের তাপোহরানন্দ মহারাজ।
হারিয়ে যাওয়া খাগের কলম, দোয়াত থেকে শুরু করে রাজআমলের রকমারি ও সুদৃশ্য নানা পেন চাক্ষুস করার সুযোগ এই কলম উৎসবে। সোনার প্রলেপ দেওয়া পেন, হাতির দাঁতযুক্ত পেন, ম্যাজিক পেন, বাঁশের পেন, খাগের কলম, দেশ-বিদেশের নামিদামী প্রায় সমস্ত পেন নজর কাড়ছে এই উৎসবে। প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রাচীন আমল থেকে বর্তমান ডিজিটাল যুগ পর্যন্ত কলমের বিবর্তনকে।
কলম উৎসবের অন্যতম আয়োজক সুবীর সাহা জানিয়েছেন, তাঁর সংগ্রহে রয়েছে দেশ-বিদেশের অন্তত পাঁচ হাজার কলম। তবে বর্তমান ডিজিটাল যুগে পেনের ব্যবহার কমায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। মালদা রামকৃষ্ণ মিশনের মহারাজ তাপহরানন্দজী বলেন, এমন প্রদর্শনী সত্যিই অভিনব। যিনি এত বিপুলসংখ্যক পেন সংগ্রহ করেছেন তাঁর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ছাত্র-ছাত্রীরা এসব দেখে উপকৃত হবে। একইসঙ্গে তাঁদের কলমের প্রতি যত্ন, আগ্রহ ও আকর্ষণ বাড়বে।






