সক্রিয় রাজনীতিতে আর ফিরবেন না শেখ হাসিনা? বিস্ফোরক মন্তব্যে সজীব ওয়াজেদ জয়ের
তবু আশ্বাস দিয়েছেন, হাসিনা না থাকলেও আওয়ামী লীগ টিকে থাকবে।
Truth Of Bengal: শেখ হাসিনার রাজনৈতিক ইনিংস কি শেষের পথে? মুজিবকন্যা কি আর দেশে ফিরবেন না, নাকি রাজনীতির বাইরে থেকে দলের নেতৃত্ব দেখবেন? এই সব প্রশ্নের উত্তরই যেন ইঙ্গিত করলেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। আমেরিকায় বসে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতিতে ফিরলেও হাসিনার প্রত্যাবর্তন হওয়া প্রায় অসম্ভব। তিনি আরও বলেন, “আমার মায়ের বয়স হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর শেষ ‘টার্ম’ ছিল। তিনি অবসর নিতে চেয়েছিলেন।”
সঞ্চালক প্রশ্ন করেন, তাহলে কি এটাকে ‘হাসিনা যুগের সমাপ্তি’ বলা যায়? জয়ের জবাবে সেই ধারণা অস্বীকার না করে তিনি বলেন, “সম্ভবত তাই।” এ প্রসঙ্গে স্মরণ করা যায়, ২০২৪ সালের আগস্টে বিক্ষোভের মধ্যেই শেখ হাসিনা দেশ ছাড়েন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। কিছুদিন আগে সংবাদ প্রতিদিনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ভয় পেয়ে বাংলাদেশ ছেড়ে আসিনি। আমার জন্য লক্ষ লক্ষ নিরাপরক্ষিত মানুষ যাতে বিপদে না পড়ে, সেই শঙ্কা থেকেই বাধ্য হয়েই দেশ ছাড়তে হয়েছে।” তবে তিনি বলেছিলেন, তিনি দেশে ফিরবেন—তবে সেটা নির্ভর করবে গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধার, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবাধ-সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়ার ওপর। তিনি বলেন, “বাংলাদেশে বৈধ সরকার প্রতিষ্ঠিত হলে এবং বিচার বিভাগের কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পেলে, আমি অবশ্যই দেশে ফিরে যেতে চাইব। জীবনের সবটুকু তো বাংলাদেশকেই দিয়েছি, বাংলাদেশেরই সেবা করেছি।”
তবে জয় এবার অন্য কথা বলছেন। তিনি স্পষ্ট করেছেন, মা কোনও পরিস্থিতিতেই সক্রিয় রাজনীতিতে ফিরে আসবেন না। তবু আশ্বাস দিয়েছেন, হাসিনা না থাকলেও আওয়ামী লীগ টিকে থাকবে। “আওয়ামী লীগ কোথাও যাবে না। আমাদের ৪০–৫০ শতাংশ ভোট আছে। দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৬–৭ কোটি ভোটার আওয়ামী লীগের। তারা কি হঠাৎ সমর্থন বন্ধ করে দেবে?”—জয়ের কথায় দল দীর্ঘদিনের ঐতিহ্য নিয়ে চলবে।
কিন্তু হাসিনাহীন আওয়ামী লীগ কেমন হবে—এটাই বড় প্রশ্ন। জয়ের বক্তব্য, “এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো দল, ৭০ বছর হয়েছে। মাকে নিয়ে হোক বা মাকে ছাড়া, দল চলবে। কেউ চিরকাল থাকে না।”
এক্ষেত্রে প্রশ্ন উঠে—হাসিনার পর দলের নেতৃত্ব কে নেবে? দলেরই এক প্রভাবশালী পরিবারের সন্তান তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে দলের দায়িত্ব নিয়েছেন। সুষ্ঠু ভোট হলে তারেকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়েও জল্পনা শুরু হয়েছে। আর জয় নিজে কি ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্ব নিতে চান—সেটা সময়ই বলবে।






