দেশ

যানজটে বিশ্বের দ্বিতীয় স্থানে ভারতের সিলিকন ভ্যালি, সাম্প্রতিক রিপোর্টে চাঞ্চল্য

গত বছরের তুলনায় শহরের গড় যানজটের মাত্রা ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৪.৪ শতাংশে।

Truth of Bengal: নামেই শুধু ভারতের সিলিকন ভ্যালি, যানজটের বিচারে এখন এই শহরটি বিশ্বের তাবড় শহরগুলিকে টেক্কা দিচ্ছে। টমটম ট্র্যাফিক ইনডেক্সের সাম্প্রতিকতম (২০২৫) রিপোর্টে উঠে এসেছে এক উদ্বেগজনক তথ্য। সারা বিশ্বের মধ্যে যানজটের নিরিখে বেঙ্গালুরু এখন দ্বিতীয় স্থানে। প্রতি বছরই এই শহরের ট্র্যাফিকের অবস্থা অবনতির দিকে যাচ্ছে, যা রীতিমতো রেকর্ড সৃষ্টি করেছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বের যানজটপূর্ণ শহরগুলোর তালিকায় বেঙ্গালুরুর স্থান ছিল ষষ্ঠ। ২০২৪ সালে তা তৃতীয় স্থানে উঠে আসে এবং ২০২৫ সালে আরও এক ধাপ এগিয়ে তা এখন দ্বিতীয়। গত বছরের তুলনায় শহরের গড় যানজটের মাত্রা ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৪.৪ শতাংশে।

বেঙ্গালুরুর রাস্তায় চলাফেরা করা কতটা কঠিন, তা ফুটে উঠেছে সময়ের পরিসংখ্যানে: ২০২৪ সালে: ১০ কিলোমিটার পথ যেতে গড়ে সময় লাগত ৩৪ মিনিট ৪ সেকেন্ড। ২০২৫ সালে: সেই সময় বেড়ে দাঁড়িয়েছে ৩৬ মিনিট ৯ সেকেন্ড। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ২ মিনিট ৫ সেকেন্ড অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে চালকদের। রিপোর্টে দেখা গেছে, সকালের চেয়ে সন্ধ্যার ট্র্যাফিক আরও বেশি যন্ত্রণাদায়ক: ১০ কিমি পথ পেরোতে সময় লাগে ৪১ মিনিট ৬ সেকেন্ড। গাড়ির গতি থাকে মাত্র ১৪.৬ কিমি/ঘণ্টা। সন্ধ্যাতে: এই সময় পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়। গড় গতি নেমে আসে ১৩.২ কিমি/ঘণ্টায়। ১০ কিমি যেতে সময় লাগে ৪৫ মিনিট ২৭ সেকেন্ড এবং যানজটের মাত্রা থাকে ১১৫.২ শতাংশ।

২০২৫ সালের হিসেবে, ট্র্যাফিক জ্যামে আটকে থেকে একজন গাড়িচালকের বছরে গড়ে ১৬৮ ঘণ্টা সময় নষ্ট হয়েছে। দিনের হিসেবে যা দাঁড়ায় ৭ দিন ৪০ মিনিট। গত বছরের তুলনায় জ্যামে অপচয় হওয়া সময়ের পরিমাণ প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট বেড়েছে। বর্তমানে ১৫ মিনিট গাড়ি চালিয়ে মাত্র ৪.২ কিমি পথ অতিক্রম করা সম্ভব হচ্ছে। ২০২৫ সালের ১৭ মে দিনটি ছিল বেঙ্গালুরুবাসীর জন্য সবচেয়ে দুঃস্বপ্নের। বৃষ্টিপাত এবং গাছ ও বাড়ি ভেঙে পড়ার মতো ঘটনায় সেদিন যানজটের হার ছিল ১০১ শতাংশ। ওই দিন মাত্র ২.৫ কিলোমিটার রাস্তা যেতেই চালকদের গড়ে ১৫ মিনিট সময় ব্যয় করতে হয়েছিল।