কাউকে ছাড়া হবে না! ‘টাকা খেতে খেতে কলকাতাকে মৃত্যুপুরী বানিয়েছে তৃণমূল’, বিধানসভায় তোপ মুখ্যমন্ত্রীর
বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু! তারাতলার মরণফাঁদের নকশায় মিলল ফিরহাদ হাকিমের সই
Truth of Bengal: তারাতলার ব্রেসব্রিজে ৫ তলা নির্মাণাধীন চা গুদাম ভেঙে ৫ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এবার সরাসরি পূর্বতন সরকারের শীর্ষ স্তরের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে এই মেগা বিপর্যয় নিয়ে এক হাড়হিম করা তথ্য ফাঁস করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, যে গোডাউনটি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, সেটির ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যানে বা নকশায় খোদ তৎকালীন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের সই রয়েছে। এই নথি সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কড়া ভাষায় পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন, “টাকা নিতে নিতে সিটি অফ জয় কলকাতাকে কার্যত মৃত্যুপুরী বানিয়ে ছেড়েছে তৃণমূল সরকার। প্রোমোটার আর সিন্ডিকেটের থেকে কাটমানি খেয়ে একের পর এক বেআইনি ও ত্রুটিপূর্ণ প্ল্যান পাস করানো হয়েছে। আজ তারাতলার এই বিপর্যয় আসলে আপনাদেরই করা পাপের ফল। এর আগে কলকাতায় একাধিক ভেঙে পড়ার ঘটনা ঘটলেও আপনারা কোনও শিক্ষা নেননি।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর বিধানসভা কক্ষ জুড়ে তুমুল শোরগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।
“কাউকে ছাড়া হবে না”, লালবাজারকে ফ্রি-হ্যান্ড দিলেন মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী এদিন সাফ হুঁশিয়ারি দিয়ে জানান, পোর্টের জমিতে এই মরণফাঁদ তৈরির পেছনে কার কার আর্থিক লেনদেন রয়েছে, তা খুঁজে বের করতে পুলিশকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “নথিতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রাক্তন মেয়রের সই আছে। আইন নিজের পথে চলবে এবং এই অপরাধমূলক গাফিলতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না।”
১৭ জানুয়ারির সেই ‘অভিশপ্ত’ সই, বিপাকে প্রাক্তন মেয়র
তদন্তে জানা গিয়েছে, ২০২৬ সালের ১৭ জানুয়ারি কলকাতা পুরসভার (KMC) তরফে এই বহুতল নির্মাণের প্ল্যানে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। প্রাথমিক কারিগরি অডিট রিপোর্টে জানা গিয়েছে, ৫ তলা এই কাঠামোর নকশাটি সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ছিল এবং তা বিপুল পরিমাণ কংক্রিটের ওজন ধরে রাখার উপযোগীই ছিল না। শুভেন্দুর দাবি, তৎকালীন পুর কর্তৃপক্ষ চোখ বুজে এই বিপজ্জনক প্ল্যান পাস করে দিয়েছিল। ইতিমধ্যেই এই ঘটনায় সিট (SIT) গঠন করেছে লালবাজার এবং ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার খোদ ফিরহাদ হাকিমের সই মেলায় তদন্তের আঁচ যে আরও ওপরে পৌঁছাবে, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।




