রাজ্যের খবর

মছলন্দপুরে অবৈধ গ্যাস রিফিলিংয়ের জেরে অগ্নিকাণ্ড, গ্রেফতার ১

স্থানীয় দোকানদারদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলিং করতে গিয়ে  ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় কোন প্রাণহানি হয়নি। তবে এই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে জনবহুল বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মছলন্দপুর শনি মন্দির সংলগ্ন এলাকায় একটি চক্র অবৈধভাবে ভরা গ্যাস সিলিন্ডার থেকে ফাঁকা সিলিন্ডারে গ্যাস রিফিল করে তা চড়া দামে বাজারে বিক্রি করে আসছিল। আর এই অবৈধ ব্যবসা চালানোর সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বাজার এলাকায়।

স্থানীয় দোকানদারদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাঁদের উদ্যোগেই বড়সড় অগ্নিকাণ্ড বা প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।খবর পেয়ে গোবরডাঙা থানার অন্তর্গত মছলন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক হালদারের নির্দেশে অভিযান চালিয়ে দোকানের মালিক অসিত সাধুখাঁ (৫৬)-কে আটক করা হয়। তিনি গোবরডাঙা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় দোকানে আরও এক মহিলা কর্মচারী উপস্থিত ছিলেন, যিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই মহিলা ধৃত অসিত সাধুখাঁ-র শাশুড়ি বলে জানা গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। পুরো বিষয়টির তদন্তে নেমেছে পুলিশ।

Related Articles