রাজ্যের খবর

বিবেকানন্দের জন্মতিথিতে কোন্নগরে অভিনব পদযাত্রা, বয়সের বাধা পেরিয়ে শামিল প্রাক্তন সেনানি ও প্রবীণরা

প্রতিযোগীরা কোন্নগরের বাঁসাই কলোনি থেকে কোন্নগর স্টেশনের অটো স্ট্যান্ড পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করেন।

Truth Of Bengal: স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে যুব পক্ষ। এই উপলক্ষ্যে কোন্নগরের আরতি প্রিন্সেস নেস্ট-এর উদ্যোগে একটি অভিনব হাটা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতায় প্রাক্তন ভারতীয় সেনানীদের পাশাপাশি বয়স্ক পুরুষ ও মহিলারাও অংশ নেন। প্রতিযোগীরা কোন্নগরের বাঁসাই কলোনি থেকে কোন্নগর স্টেশনের অটো স্ট্যান্ড পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করেন।

প্রতিযোগিতা চলাকালীন ৭৭ বছর বয়সি অংশগ্রহণকারী গৌরী দে পড়ে গিয়ে আহত হন এবং রক্তাক্ত হলেও মানসিক দৃঢ়তায় তিনি পুরো পথ অতিক্রম করেন। তাঁর এই দৃঢ়তা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

এদিন প্রতিযোগিতা দেখতে রাস্তার দু’ধারে প্রচুর মানুষ জড়ো হন। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন ভারতীয় ফুটবল দলের সদস্য কৃষ্ণ গোপাল চৌধুরী ও স্মরজিৎ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত, ত্রিপুরা রণাঙ্গনে শরীরে ২২টি গুলিবিদ্ধ হওয়া বীর সৈনিক বিধান মণ্ডল, ড. বি. শেখর প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে তাপস সরকার ও কল্যাণ চৌধুরী জানান, প্রতি বছরই আরতি প্রিন্সেস নেস্ট-এর সদস্যদের নিয়ে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব পক্ষ চলার কারণেই এ বছর এই হাটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাঁদের মতে, বিশেষ করে প্রাক্তন সেনানীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল এবং ক্রীড়া সংগঠক মানস রায়।

Related Articles