রাজ্যের খবর

দীর্ঘ প্রতীক্ষার অবসান, শুরু খানপুরে রাস্তা সংস্কারের কাজ

জানা গেছে, প্রায় দেড় কিলোমিটার এই রাস্তাটি সংস্কারে ব্যয় হবে আনুমানিক এক কোটি টাকা।

Truth Of Bengal: বিশ্বদীপ নন্দী বালুরঘাট : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের খানপুর মোড় থেকে খানপুর গ্রাম পর্যন্ত প্রায় দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। এই একমাত্র রাস্তাটির সংস্কারের দাবিতে বারবার সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই দাবির বাস্তবায়ন হলো। বালুরঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের এসআরডিএ দফতরের সহযোগিতায় রাস্তা সংস্কারের কাজ শুরু হল। আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হয়।

উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, জেলা পরিষদ সদস্য অশোক কৃষ্ণ কুজুর এবং অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন। তাঁদের উপস্থিতিতেই এলাকার বহুদিনের প্রতীক্ষিত এই প্রকল্পের সূচনা হওয়ায় খুশি গ্রামবাসীরা। জানা গেছে, প্রায় দেড় কিলোমিটার এই রাস্তাটি সংস্কারে ব্যয় হবে আনুমানিক এক কোটি টাকা। কাজ শেষ হলে খানপুর গ্রামের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড়সড় উন্নতি হবে বলে আশা প্রশাসনের।

বর্ষাকালে কাদা, আর শীত ও গ্রীষ্মে ধুলোর সমস্যায় নাজেহাল হতে হতো সাধারণ মানুষকে। স্কুলপড়ুয়া পড়ুয়া থেকে শুরু করে রোগী পরিবহণ, সব ক্ষেত্রেই এই রাস্তার দুরবস্থা ছিল বড় সমস্যা।এই প্রসঙ্গে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় প্রচারে এসে গ্রামবাসীরা একটাই দাবি করেছিলেন—এই রাস্তাটি তৈরি করে দিতে হবে। দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র রাস্তাটি অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। অবশেষে এসআরডিএ দপ্তরের সহযোগিতায় সেই কাজ শুরু করতে পেরে আমরা খুবই খুশি।স্থানীয়দের আশা, দ্রুত কাজ শেষ হলে খানপুর গ্রামের সার্বিক উন্নয়নে এই রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Related Articles