টিটাগড়ে শুভেন্দুর পোস্টার ছেঁড়া ঘিরে ধুন্ধুমার! পুলিশের ‘ট্যাটু’ দেখে মেজাজ হারালেন বিধায়ক কৌস্তভ বাগচী
পুলিশের হাতে ট্যাটু দেখে তুলকালাম! টিটাগড়ে শুভেন্দুর পোস্টার ছেঁড়া নিয়ে খড়দহ থানার সাথে তুমুল সংঘাত কৌস্তভ বাগচীর
Truth of Bengal: রবিবাসরীয় সকালে রাজনৈতিক উত্তেজনায় ফুটল বারাকপুরের শিল্পাঞ্চল। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার এবং ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল টিটাগড় এলাকায়। ঘটনার খবর পেয়েই সটান ঘটনাস্থলে হাজির হন বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। সেখানে পৌঁছে ঘটনার তদন্তে আসা খড়দহ থানার পুলিশের সঙ্গে এক অভূতপূর্ব বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। তর্কাতর্কির মাঝেই এক পুলিশকর্মীর হাতের ট্যাটু বা উল্কি দেখে তীব্র ক্ষোভ উগরে দেন বিজেপি বিধায়ক। একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর কর্মী কীভাবে প্রকাশ্য স্থানে হাতে ট্যাটু নিয়ে ডিউটি করতে পারেন, তা নিয়ে কর্তব্যরত পুলিশের দিকেই সোজাসাপ্টা প্রশ্ন ছুঁড়ে দেন কৌস্তভ।
তৃণমূল কার্যালয়ের সামনেই ছেঁড়া ব্যানার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের টাটা গেট এলাকায় ঠিক একটি তৃণমূল কার্যালয়ের সামনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত একটি ব্যানার ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বিজেপি কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী তাঁর অনুগামীদের নিয়ে সেখানে পৌঁছন। এর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে আসে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশের সঙ্গে সংঘাত ও তৃণমূলের প্রতিক্রিয়া
ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই তাদের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হন বিধায়ক। সেই সময়েই এক পুলিশ আধিকারিকের হাতের ট্যাটু তাঁর নজরে আসে এবং তিনি প্রকাশ্যে উর্দির সম্মান ও শৃঙ্খলা নিয়ে আপত্তি জানান। এই ব্যানার ছেঁড়ার ঘটনার জন্য সম্পূর্ণভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই দায়ী করেছে গেরুয়া শিবির। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ঘাসফুল শিবির। স্থানীয় তৃণমূল নেতা তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর দাবি, ছাব্বিশের নির্বাচনে জেতার পর বিজেপি এখন খড়কুটো আঁকড়ে ধরে অকারণে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। তৃণমূল এর মধ্যে জড়িত নয়।
এর মাঝেই ‘কাটমানি’র পাল্টা অভিযোগ, থানায় মামলা
তবে এই পোস্টার বিতর্কের সমান্তরালে টিটাগড় থানায় জমা পড়েছে আরও একটি মারাত্মক অভিযোগ। এক মার্বেল ঠিকাদার তথা স্থানীয় বিজেপি কর্মী অজয় বাগ টিটাগড় থানায় একটি লিখিত ডায়েরি করেছেন। তাঁর অভিযোগ, বিধায়ক কৌস্তভ বাগচীর ঘনিষ্ঠ বলে পরিচিত বিধান রাও সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী তাঁর কাছে ‘কাটমানি’ দাবি করেছেন এবং টাকা না দেওয়ায় তাঁকে মারধর করা হয়েছে। সব মিলিয়ে রবিবার সকাল থেকেই চরম নাটকীয় মোড় নিয়েছে টিটাগড়ের রাজনীতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলদারি চালানো হচ্ছে।




