Cold Wave: শীতের পথে ‘স্পিড ব্রেকার’ পশ্চিমী ঝঞ্ঝা! এক ধাক্কায় পারদ চড়ল কলকাতায়
Truth of Bengal: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতের দাপট কিছুদিনের জন্য থমকে থাকলেও, খুব শীঘ্রই ফের কনকনে ঠান্ডা ফিরে আসছে—এমনই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার টানাপোড়েনে আগামী কয়েক দিনে দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ায় একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা কিছুটা কমেছে। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতের উপর সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা সাময়িকভাবে ঊর্ধ্বমুখী। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। তবে এই উষ্ণতার ধারা বেশিদিন স্থায়ী হবে না। মঙ্গলবার থেকে ঝঞ্ঝার প্রভাব কাটতে শুরু করলেই ফের নামবে পারদ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা হঠাৎ করেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
শীতের এই ওঠানামার মাঝেই দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বাড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা ছাড়াও নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসার আশঙ্কা রয়েছে, ফলে যান চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। তবে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুষ্কই থাকবে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গ শুষ্ক থাকলেও উত্তরবঙ্গে ভিজতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, যা পর্যটকদের কাছে সুখবর হলেও স্থানীয় বাসিন্দাদের জন্য শীতের কষ্ট আরও বাড়াতে পারে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পাশাপাশি কোচবিহার, মালদহ ও উত্তর-দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে।






